দিনাজপুর প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ ১৬:৪২ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৬ ১৬:৪৯ পিএম
দিনাজপুরে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত এক ব্যক্তি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মোটর পরিবহন শ্রমিক নেতা শেখ বাদশাকে আটকের ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দিনাজপুরে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।
এতে পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
এ সময় থানার সামনে একটি বাসে আগুন দেওয়া হলে তিনটি বাস ক্ষতিগ্রস্ত হয়।
শহরের বিভিন্ন সড়কে বাস, ট্রাক, ট্যাংকলরি ও অ্যাম্বুলেন্স রেখে অবরোধ সৃষ্টি করেন শ্রমিকরা।
সকালে শেখ বাদশার মুক্তির দাবিতে কোতোয়ালি থানার সামনে জড়ো হওয়া শ্রমিকদের সঙ্গে জাতীয়তাবাদী শ্রমিকদের সংঘর্ষ শুরু হয়।
একপর্যায়ে শ্রমিকদের একটি পক্ষ থানার সামনে একটি বাসে আগুন ধরিয়ে দেয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশএকপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা করলে সংঘর্ষ ত্রিমুখী রূপ নেয়।
সংঘর্ষের মধ্যে শ্রমিকদের একটি পক্ষ থানার সামনে একটি বাসে আগুন দেয়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও তিনটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে শহরের বিভিন্ন সড়কে যানবাহন রেখে অবরোধ করায় যান চলাচল ব্যাহত হয়। আটকা পড়ে অসংখ্য যানবাহন। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
কঠোর নিরাপত্তার মধ্যে বুধবার রাতে আটক শেখ বাদশাকে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ।
দিনাজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আনোয়ার হোসেন জানান, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শেখ বাদশাকে আটক করা হয়েছে।
উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে এবং বিষয়টি নিয়ে আলোচনার প্রস্তুতিও চলছে বলেও জানান তিনি।
শেখ বাদশা দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং আসন্ন নির্বাচনে সম্ভাব্য সাধারণ সম্পাদক প্রার্থী। তার মুক্তির দাবিতে শ্রমিকদের মধ্যে এখনও উত্তেজনা বিরাজ করছে।