তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ ১৬:০৭ পিএম
সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যাওয়ার পথে মানাই নদীতে ডুবে বৃহস্পতিবার এক পর্যটকের মৃত্যু হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যাওয়ার পথে মানাই নদীতে ডুবে আব্দুল মাজেদ পিকলু নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।
নিখোঁজ হওয়ার প্রায় তিন ঘণ্টা পর বৃহস্পতিবার দুপুরে স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়।
পিকলু রাজশাহী মহানগরীর ১৭ নম্বর ওয়ার্ডের মধ্য নওদাপাড়া এলাকার বন বিভাগকর্মী নুরুল ইসলাম বাবুর ছেলে। তিনি রাজশাহীর মোহনপুর সরকারি ডিগ্রি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে ১০ জনের একটি পর্যটক দল সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা থেকে নৌকাযোগে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে রওনা হয়। সকাল ১০টার দিকে দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের লামাগাঁও বাজার সংলগ্ন মানাই নদীতে নৌকাটি থামানো হয়।
পর্যটক দলের কয়েকজন সদস্য বাজারে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যান এবং বাকিরা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে পিকলু নৌকা থেকে নদীতে লাফ দিয়ে আর ভেসে ওঠেননি। দীর্ঘ তিন ঘণ্টা খোঁজাখুঁজির পর দুপুর ১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ মোরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “টাঙ্গুয়ার হাওরে পৌঁছানোর আগেই এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে।”
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহটি থানায় আনা হচ্ছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”