গলাচিপা (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ ১৪:৩২ পিএম
কখনো সাঁতরে, কখনো বুকসমান পানিতে হেঁটে স্কুলে যেতে হয় পটুয়াখালীর গলাচিপা উপজেলার দুর্গম চরকারফার্মার শিশুদের। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ভোরের আলো ছড়িয়ে পড়তেই বই-খাতা বুকে নিয়ে স্কুলের পথে বের হয় ছোট্ট শিশুরা। কিন্তু তাদের পথ অন্য দশটি গ্রামের শিশুর মতো নয়। নেই কোনো রাস্তা, সেতু কিংবা নিরাপদ যাতায়াত ব্যবস্থা।
প্রতিদিন একের পর এক খাল পেরিয়ে- কখনো সাঁতরে, কখনো বুকসমান পানিতে হেঁটে- জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যেতে হয় পটুয়াখালীর গলাচিপা উপজেলার দুর্গম চরকারফার্মার শিশুদের।
সরেজমিনে দেখা যায়, গলাচিপা সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিচ্ছিন্ন অংশ চরকারফার্মা। আগুনমুখার মোহনার কোলে গড়ে ওঠা দ্বীপটি প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা। চারপাশে নদী, দক্ষিণে বঙ্গোপসাগর ও পাশে সুন্দরবন। তবে এই সৌন্দর্যের আড়ালে রয়েছে যোগাযোগ বিচ্ছিন্নতার কঠিন বাস্তবতা।
নদীঘেরা এই চরে নেই পাকা রাস্তা বা নিরাপদ চলাচলের ব্যবস্থা। বর্ষায় জোয়ারের পানিতে তলিয়ে যায় রাস্তাঘাট ও স্কুলের মাঠ। ফলে স্কুলে যাওয়া শিশুদের কাছে প্রতিদিনের সংগ্রামে পরিণত হয়। একই দুর্ভোগ পোহাতে হয় শিক্ষকদেরও।
স্থানীয় অনেকের ভাষ্যমতে, প্রায় ৮০টি জেলে ও কৃষক পরিবারের পাঁচ শতাধিক মানুষের বসবাস এখানে। শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয় চরকারফার্মা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
তারা আরও জানান, বর্তমানে বিদ্যালয়টিতে ৫১ শিক্ষার্থী ও তিনজন শিক্ষক রয়েছেন। তবে যোগাযোগ সংকটে বাড়ছে ঝরে পড়ার আশঙ্কা।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেন জানান, গলাচিপা সদর থেকে বোয়ালিয়া স্লুইসগেট পর্যন্ত গাড়িতে যাওয়ার পর হাঁটতে হয়। এরপর খেয়া নৌকায় আগুনমুখা নদী পেরিয়ে স্কুলে পৌঁছাতে অন্তত পাঁচটি খাল পার হতে হয়।
তার দাবি, অধিকাংশ ক্ষেত্রে শিশুদের সাঁতরে বা পানির ভেতর দিয়ে হেঁটেই যেতে হয়। এতে বই-খাতা ভিজে যায়। অনেককে অতিরিক্ত পোশাক সঙ্গে নিতে হয় এবং খাল পেরিয়ে ভেজা কাপড় বদলে ক্লাসে বসতে হয়।
দ্বিতীয় শ্রেণির ছাত্র জহিরুল বলে, “আমরা কয়েকজন একসাথে খাল সাঁতরে স্কুলে যাই। অনেক সময় বই-খাতা ভিজে যায়। পরে ভেজা জামা বদলে ক্লাস করতে হয়।”
বিদ্যালয়ের সাবেক সভাপতি শাহিদা বেগম বলেন, “আমি নিজের জমি দিয়ে স্কুল করেছি। কিন্তু রাস্তা করার মতো সামর্থ্য নেই। অন্তত একটি চলাচলের রাস্তা দরকার।”
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন টুটু বরাদ্দ পেলে রাস্তা নির্মাণের আশ্বাস দিয়েছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম সগীর ও ইউএনও আবুজর মো. ইজাজুল হকও স্কুলে যাওয়ার উপযোগী রাস্তা ও সেতু নির্মাণে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন।
প্রতিদিন খাল পেরিয়ে স্কুলে যাওয়া এই শিশুদের গল্প শুধু সংগ্রামের নয়; এটি গ্রামীণ অবকাঠামোগত বৈষম্যের নির্মম প্রতিচ্ছবি। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে একসময় তাদের স্বপ্নগুলো হারিয়ে যেতে পারে খালের স্রোতেই।