নড়াইল প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ ১২:৪৮ পিএম
চাঁদপুরে ইলিশ বিক্রির নামে ভুয়া ফেসবুক পেজ খুলে অনলাইনে প্রতারণা করছে ওই এলাকার কিছু যুরক। এ অভিযোগে নড়াইলের কালিয়ায় পাঁচ যুবককে আটক করেছে থানা পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চাঁদপুরের ইলিশ বিক্রির নামে ভুয়া ফেসবুক পেজ খুলে অনলাইনে প্রতারণা। অভিযোগে নড়াইলের কালিয়ায় পাঁচ যুবককে আটক করেছে থানা পুলিশ।
দীর্ঘদিন নজরদারির পর বুধবার বিকালে উপজেলার পুরুলিয়া ইউনিয়নের ফুলদাহ
গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- ফুলদাহ গ্রামের
আকিদুল ইসলাম, একই গ্রামের আসমাউল শেখ, ইমরান শেখ, তৈয়বুর রহমান এবং নীরব শেখ।
পুলিশের দাবি, আটক যুবকরা দীর্ঘদিন ধরে ‘চাঁদপুরের ইলিশ’সহ বিভিন্ন
নামে ভুয়া ফেসবুক পেজ পরিচালনা করে আসছিলেন। এসব পেজে আকর্ষণীয় ছবি ও পোস্ট দিয়ে উন্নতমানের
চাঁদপুরের ইলিশ বিক্রির প্রলোভন দেখানো হতো। ক্রেতারা মাছ কেনার জন্য যোগাযোগ করলে
তাদের কাছ থেকে অগ্রিম টাকা নেওয়া হতো। টাকা পাওয়ার পরই ক্রেতাদের সঙ্গে যোগাযোগ বন্ধ
করে দিত চক্রটি।
এভাবে অনলাইনে প্রতারণার মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের
কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ পুলিশের।
অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে ছয়টি স্মার্টফোন, তিনটি বাটন ফোন
ও বিপুল পরিমাণ ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, আটক আকিদুল
ইসলামের বিরুদ্ধে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১১টি মামলা রয়েছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, ‘চাঁদপুরের ইলিশ’ নামে ভুয়া ফেসবুক পেজ খুলে প্রতারণার বিষয়টি পুলিশের নজরে আসে। এরপর চক্রটির গতিবিধির ওপর দীর্ঘদিন পুলিশ নজরদারি করে আসছে।
একপর্যায়ে তাদের অবস্থান শনাক্ত করে ফুলদাহ গ্রামে অভিযান চালিয়ে
পাঁচজনকে আটক করা হয়।
তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে রাতেই সাইবার নিরাপত্তা আইনে
মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাদের নড়াইলের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
পুলিশ বলছে, অনলাইনে পণ্য কেনাবেচার ক্ষেত্রে যাচাই-বাছাই ছাড়া অগ্রিম
টাকা না দিতে এবং সন্দেহজনক ফেসবুক পেজ ও অনলাইন বিক্রেতাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।