রংপুর অফিস
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ ১২:৪৩ পিএম
রংপুর মেট্রোপলিটন সদর দপ্তর মিলনায়তনে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ময়নাতদন্তে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যকে শ্বাসরোধ করে হত্যা করার প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।
রংপুর মেট্রোপলিটন সদর দপ্তর মিলনায়তনে বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
পুলিশ কমিশনার জানান, মাদক সেবনে বাধা দেওয়ায় পরিবারের প্রত্যেককে শ্বাসরোধ করে হত্যা করেছে মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস। ময়নাতদন্তে ধর্ষণের কোনও আলামত পাওয়া যায়নি।
তিনি জানান, হত্যাকাণ্ডের পর মুগ্ধ দাস দখিগঞ্জ শশ্মানে আশ্রয় নিয়েছিল বলে আদালতে জবানবন্দি দিয়েছে ওই শশ্মানের পাহারাদার বিদ্যুৎ দাস।
এদিকে হত্যাকাণ্ডে অপর অভিযুক্ত সিদ্ধার্থ দাসের পরিবারের কাছে জমি কিনে গণপতি চক্রবর্তী বাড়ি করায় তাদের পরিবারের সদস্যদের মাঝে জমি বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে ক্ষোভ থাকার বিষয়টিও পুলিশ খতিয়ে দেখছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার।
মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, “ময়নাতদন্তের রিপোর্টে চারজনকে শ্বাসরোধ করে হত্যার বিষয়টি প্রমাণিত হয়েছে। যে নারী ভিকটিমদের ভ্যাজাইনাল সোয়াব নেওয়া হয়েছিল। সেখানে কোনও ধর্ষণের আলামত পাওয়া যায়নি। শ্বাসরোধ করে হত্যা করা হলে মানুষের বীর্য ও মলমূত্র বের হয়ে আসে। আমরা দেখেছি একজন ডোম বলেছিলেন বীর্য পাওয়া গেছে। আসলে ওই বীর্য ছিল ডেডবডির।”
তিনি আরও বলেন, “সিদ্ধার্থের পূর্ব পুরুষদের কাছ থেকে গণপতি চক্রবর্তী স্যার জমি কিনেছিলেন। শোনা গেছে সেটি বেশি মূল্যে কেনার বিষয়টি তাদের বংশের অনেকে ভালোভাবে নেয়নি। এছাড়া টাকা ভাগাভাগির বিষয়টি আনুপাতিক হারে হয়নি। এ নিয়ে ক্ষোভ থাকতে পারে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।”