শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ ১২:২৬ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৬ ১২:২৭ পিএম
গাজীপুরে কোনাবাড়ীতে আগুন লেগে ১২টি ঝুট গোডাউন পুড়ে যায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গাজীপুরে কোনাবাড়ী (দেউলিয়াবাড়ি) এলাকায় ঝুটের গোডাউনে আগুন লেগে ১২টি ঝুট গোডাউন পুড়ে গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী, দেওলিয়া বাড়ি এলাকার বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ মামুন জানান, সকাল ৮টার দিকে নগরীর কোনাবাড়ী থানাধীন দেওলিয়া বাড়ির ক্লাব মোড় এলাকার একটি ঝুটের গোডাউনের ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে থাকে। মূহুর্তে আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়লে গোডাউনের কর্মচারী ও আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।
তিনি জানান, খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের তিন ও সারাবো ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
মোহাম্মদ মামুন জানান, আগুন নিয়ন্ত্রণে আসার পরও গোডাউনগুলোতে থাকা ঝুট ও অন্যান্য দাহ্য মালামালের কারণে কোথাও আগুন বা ধোঁয়া রয়েছে কি না তা পর্যবেক্ষণ করা হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে গুদামে থাকা বহু মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তদন্ত চলমান।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। ঘটনাস্থল পরিদর্শন ও প্রয়োজনীয় তদন্ত শেষে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে। বৈদ্যুতিক ত্রুটি, শর্ট সার্কিট নাকি অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত- তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।