পাবনা প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ ১১:০১ এএম
কুতুব বিশ্বাস। ফাইল ছবি
পাবনা সদর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে কুতুব বিশ্বাস (১৩) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।
এ ঘটনায় আব্দুর রহমান (১২) নামের আরেকজন গুরুতর আহত হয়েছেন। তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলার ভাড়ারা ইউনিয়নের মহাদেবপুর গ্রামে বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত কুতুব বিশ্বাস মহাদেবপুর গ্রামের সিফাত বিশ্বাসের ছেলে এবং পাবনার সিদ্দিক মেমোরিয়াল স্কুলের ৮ম শ্রেণীর শিক্ষার্থী।
আহত আব্দুর রহমান একই গ্রামের মৃত রমজান আলীর ছেলে এবং পাবনা ইসলামিয়া ফাজিল মাদরাসার ৭ম শ্রেণীর শিক্ষার্থী।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে তারা পাশের সেউলি বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই কুতুব বিশ্বাস মারা যায় এবং আব্দুর রহমান গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, রাতেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।