প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬ ১৭:৫১ পিএম
ঝিনাইদহে বুধবার বাস চাপায় মোটরসাইকেল আরোহী এক সেনাসদস্য ও তার স্ত্রী নিহত হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঝিনাইদহে বাস চাপায় মোটরসাইকেল আরোহী এক সেনাসদস্য ও তার স্ত্রী নিহত হয়েছেন।
ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতি এলাকায় বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা গ্রামের কাজী সোহেল ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস তুলি। কাজী সোহেল বাংলাদেশ সেনাবাহিনীর বিএমএ শাখার প্রশিক্ষক হিসেবে চট্টগ্রামে কর্মরত ছিলেন।
আরাপপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহানুর আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় ও স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, সকালে নড়াইল থেকে মোটরসাইকেলে করে স্ত্রীকে নিয়ে শৈলকুপার বড়দাহ গ্রামে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন কাজী সোহেল। পথে ভুটিয়ারগাতি এলাকার একটি গ্যাস ডিপোর সামনে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ‘গড়াই পরিবহনের’ একটি বাসের নিচে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই জান্নাতুল ফেরদৌস তুলি মারা যান।
গুরুতর আহত সোহেলকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সিএমএইচে (সম্মিলিত সামরিক হাসপাতাল) পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।
ওসি বলেন, “বাসটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে সদর থানায় মামলা করা হবে।”