ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬ ১৩:৪১ পিএম
দগ্ধ টাকা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কিশোরগঞ্জের ভৈরবে আগুনে দুই প্রবাসীর পরিবারসহ ৫টি বসতঘর পুড়ে গেছে। এ সময় ঘরগুলোতে থাকা ও নগদ টাকাসহ স্বর্ণালংকার পুড়ে যায়।
এ ঘটনায় খায়রুন নেছা নামে এক নারী আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার আগানগর ইউনিয়নের শ্যামপুর মধ্যপাড়ায় রিয়াজ উদ্দিন মিয়ার বাড়িতে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ইউনিয়ন পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় শ্যামপুর মধ্যপাড়ায় রিয়াজ উদ্দিন মিয়ার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় একঘর থেকে অন্য ঘরে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে একে একে দুই প্রবাসীর বসতঘরসহ পাঁচটি ঘরে আগুন লাগে। এ সময় স্থানীয়দের চেষ্টায় বেলা সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। শ্যামপুর গ্রামটির সঙ্গে শহরের সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায় ফায়ার সার্ভিস আগুন নেভাতে যেতে পারেনি। অগ্নিকাণ্ডে সৌদী প্রবাসী জিল্লু মিয়া ও তার ভাই দিলু মিয়ার প্রায় ৮ ভরি স্বর্ণালংকারসহ বসতঘর পুড়ে যায়। অপরদিকে মুক্তার মিয়ার বসতঘরে থাকা নগদ ২২ লাখ টাকাসহ হিরণ মিয়া ও রবিন মিয়ার ঘরে সর্বস্ব পুড়ে যায়। এ বিষয়ে ইউনিয়ন পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন বলেন, আমার বোনের শ্বশুর বাড়ি শ্যামপুর মধ্যপাড়ায়। অগ্নিকাণ্ডে আমার বোনের বসতঘরসহ পাঁচ ঘর পুড়ে গেছে। আমার বোনের ঘরে স্বর্ণ থাকায় সে অগ্নিকাণ্ডের সময় ঘরে যেতে চেষ্টা করলে হাতে আগুন লেগে দগ্ধ হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।
তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডটি মুক্তার মিয়ার ঘরের বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে সূত্রপাত হয়েছে। তার ঘরে থাকা ২২ লাখ টাকা পুড়ে গেছে। তবে ৫ থেকে ৬ লাখ টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। একমাত্র ভৈরবে এই গ্রামের সঙ্গে অন্য গ্রামের সড়ক যোগাযোগব্যবস্থা নেই। তাই ফায়ার সার্ভিস সেখানে যেতে পারেনি। পাঁচটি পরিবারের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
এ বিষয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আল আমিন বলেন, শ্যামপুর গ্রামে অগ্নিকাণ্ডের খবর পাইনি। খবর পেলে নৌ পথে যাওয়ার চেষ্টা করা হতো।