রায়হানুল ইসলাম আকন্দ, শ্রীপুর (গাজীপুর)
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬ ১২:৩২ পিএম
নিহারকলি’ ফিরছে গাজীপুরের সাফারি পার্কে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
‘সম্রাট বাহাদুর’ ও ‘নিহারকলি’। নামের সঙ্গে মিশে আছে রাজকীয় ব্যাপার। কিন্তু ওদের চোখে অসহায়ত্বের ছাপ। মানব্কি চোখে দেখলে যেকেউই এই অবুঝ প্রাণের কান্না শুনতে পায়। মাত্র দিন বারো আগে যে মুক্ত প্রতিবেশ পাওয়ার আশা জেগেছিল তাদের মনে, জিম্মাদারের শর্ত ভঙ্গের খাঁড়ায় সেই মুক্ত আকাশ আবার তাদের জন্য ছোট হয়ে এলো। আবার গাজীপুরের সাফারি পার্কে এই দুই হাতিকে ফেরত আনা হয়েছে। এই ঘটনা আমাদের বন বিভাগের ভূমিকা, বন্য প্রাণীর অধিকার এবং সামগ্রিক পাহারাদারি নিয়ে নতুন করে ভাবার সুযোগ করে দিয়েছে।
১২ আগস্ট যে হাতি দুটিকে শর্ত সাপেক্ষে জিম্মায় দেওয়া হয়েছিল, তাদের পেছনে ছিল দীর্ঘ ইতিহাস। ২০২৪ সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসে চাঁদাবাজি ও নির্যাতনের হাত থেকে রক্ষা করে হাতি দুটিকে উদ্ধার করা হয়েছিল। গোপালগঞ্জ ও নারায়ণগঞ্জের বিভিন্ন সড়কে যাদের দিয়ে জোর করে টাকা তোলা হতো, তাদের পুনর্বাসনের মাধ্যম হিসেবে বেছে নেওয়া হয়েছিল সাফারি পার্ক।
কিন্তু ৬ ও ৭ আগস্ট পার্কের ভেতরে পর পর দুটি হাতির মৃত্যুর পর এক অদ্ভুত তাড়াহুড়ো শুরু হয়। তৎকালীন পরিস্থিতিতে হাতি দুটিকে তড়িঘড়ি করে দেখভালকারীদের জিম্মায় ফিরিয়ে দেওয়া হয়। মুচলেকায় স্পষ্ট বলা হয়েছিলÑ হাতিকে দিয়ে কোনো চাঁদাবাজি করানো যাবে না, নির্যাতন করা যাবে না। কিন্তু লোভের কাছে হার মানে মানুষের দেওয়া প্রতিশ্রুতি। মৌলভীবাজারের কমলগঞ্জ ও জুড়ী এলাকায় হাতি দুটিকে নিয়ে শুরু হয় পুরনো পেশা। কোথাও গাছ টানার কাজ, আবার কোথাও নির্যাতনের দৃশ্য চোখে পড়ে বনকর্মীদের।
হাতি দুটোর দুর্দশার চিত্র পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর নজরে আসার পর নড়েচড়ে বসে প্রশাসন। মঙ্গোলিয়ায় সিওপি-১৭ সম্মেলনে থেকেও মন্ত্রী নিয়মিত খোঁজখবর নেন এবং তাৎক্ষণিক এদের উদ্ধারের নির্দেশ দেন। সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান প্রতিদিনের বাংলাদেশকে জানিয়েছেন, ঝটিকা অভিযান চালিয়ে মৌলভীবাজারের বিভিন্ন চা-বাগান ও সংরক্ষিত বন থেকে হাতি দুটি উদ্ধার করা হয়েছে। পার্কের জনসংযোগ কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানিয়েছেন, হাতি দুটি এখন অভিজ্ঞ ভেটেরিনারি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। তাদের স্বাস্থ্য পরীক্ষা শেষে নির্দিষ্ট শেডে পাঠানোর কথা।
হাতি দুটি ফিরিয়ে নেওয়ার পর দেখভালকারী মনির মিয়া অবশ্য দাবি করেছেন, তারা কোনো শর্ত ভঙ্গ করেননি। বন বিভাগ চেয়েছে, তারা সঙ্গে সঙ্গে ফিরিয়ে দিয়েছেন। কিন্তু বন কর্মকর্তারা বলছেন, মুচলেকাকারীরা নিয়ম মানেননি। এই লুকোচুরি খেলায় বলি হচ্ছে অবুঝ প্রাণীগুলো।
এই পুরো প্রক্রিয়াটি উন্মোচন করেছে আমাদের বন্য প্রাণী সুরক্ষার ভেতরের দুর্বল চিত্র। উদ্ধারের পর দেখা যায়, হাতি সম্রাটের শরীরে আঘাতের চিহ্ন। মাহুতরা লাঠিটিলায় লোহা বা ধারালো বস্তু দিয়ে আঘাত করছিলেনÑ এমন অভিযোগ রয়েছে বলে জানান সিলেট বন বিভাগের জুড়ীর রেঞ্জ কর্মকর্তা সাদ উদ্দিন আহমেদ। অন্যদিকে, হাতি ফিরিয়ে আনার পর সাফারি পার্কের ভেতরের চিত্র আরও শোচনীয়। প্রকল্প পরিচালক ইকবাল হোসাইন চৌধুরী যেমন বলেছেন, পার্কে পর্যাপ্ত মাহুত নেই, পুরনো অবকাঠামো জীর্ণ এবং নতুন হাতি রাখার জায়গারও সংকট রয়েছে।
প্রশ্ন তবে একটাইÑ যাদের সুরক্ষার দায়িত্ব নেওয়া হয়েছিল, তাদের ফিরিয়ে এনে যদি যথাযথ আবাস না-ই দেওয়া যায়, তবে এই পাহারাদারির মানে কী? শুধু উদ্ধার অভিযান পরিচালনা করাই শেষ কথা নয়; বরং হাতিগুলোর স্থায়ী পুনর্বাসন, সুচিকিৎসা এবং তাদের ওপর চলা সব ধরনের নির্যাতন স্থায়ীভাবে বন্ধ করতে হবে।