ফেনী সীমান্তে বিএসএফের হাতে আটক হওয়া বাংলাদেশি যুবক মো. সুজন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ফেনীর পরশুরামে আমজাদনগর সীমান্তে মো. সুজন (২৫) নামের এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে তাকে ভারতের ত্রিপুরা রাজ্যের বিলোনিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
উপজেলার উত্তর কোলাপাড়া-আমজাদনগর সীমান্তের ২১৬৩ নম্বর আন্তর্জাতিক পিলারের কাছে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
আটক সুজন পরশুরাম পৌরসভার দক্ষিণ কোলাপাড়া গ্রামের বেলাল মিয়ার ছেলে।
বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম. এম. জিল্লুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে সুজন সীমান্ত অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডের আমজাদনগর শ্মশানঘাট এলাকায় যান। পরে সেখান থেকে বাংলাদেশে ফেরার পথে কাঁটাতারের বেড়া অতিক্রমের চেষ্টা করলে বিএসএফ সদস্যরা তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে হেরোইন ও ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে বিএসএফ।
তবে আটকের বিষয়টি নিয়ে ভিন্ন দাবি করেছেন সুজনের স্ত্রী আয়েশা আক্তার। তিনি জানান, দুপুরে সীমান্তের ২১৬৩ নম্বর পিলারের কাছে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন তার স্বামী। ভারতের স্থানীয় কয়েকজন ব্যক্তির সঙ্গে পূর্বশত্রুতা থাকায় তারা সুজনকে জোরপূর্বক বিএসএফের হাতে তুলে দিয়েছেন বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল এম. এম. জিল্লুর রহমান বলেন, “বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটকের বিষয়ে বিজিবি অবগত রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে”।