কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬ ২১:৪১ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৬ ২২:১৩ পিএম
আহতদের মধ্যে কয়েকজন হাসপাতালে ভর্তি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে আন্দোলনরত শ্রমিকদের উপর ইউনিয়ন যুবদল সভাপতির নেতৃত্বে হামলা হয়েছে। এতে নৌযান শ্রমিক ইউনিয়নের অন্তত ১২ সদস্য আহত হয়েছেন।
তাপ বিদ্যুৎকেন্দ্রের জেটি সংলগ্ন বটতলা বাজারে মঙ্গলবার শেষ বিকালে এ হামলার ঘটনা ঘটে।
আহত শ্রমিকদের অভিযোগ, মঙ্গলবার সকাল ১১টা থেকে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে জাহাজের মালামাল বোঝাই ও খালাস কার্যক্রমে সরকার নিবন্ধিত পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সদস্যদের অন্তর্ভুক্ত করার দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। পরে বিকাল ৩টার দিকে কলাপাড়া থানা পুলিশের মধ্যস্থতায় সাময়িকভাবে কর্মসূচি স্থগিত করা হয়। তবে শ্রমিকরা বিচ্ছিন্নভাবে বটতলা বাজার এলাকায় অবস্থান করছিলেন।
তাদের দাবি, বিকাল সাড়ে ৫টার দিকে ধানখালী ইউনিয়ন যুবদলের সভাপতি তপন মৃধার নেতৃত্বে ৭ থেকে ৮ জন লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে অন্তত ১২ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যান।
আহতদের মধ্যে রেজাউল প্যাদা (৪০), হীরন প্যাদা (৩৫), ইমাম প্যাদা (৩০), খোকন (২৫) ও হাসান (২০) বর্তমানে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগের বিষয়ে ধানখালী ইউনিয়ন যুবদলের সভাপতি তপন মৃধা বলেন, “ঘটনাস্থলে প্রশাসনের লোকজন ছিল। তারা যদি বলে আমি মারধরের সঙ্গে জড়িত ছিলাম, তাহলে আমি অপরাধী। মারধরের পর ঘটনা শুনে আমি সেখানে যাই”।
এ বিষয়ে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, “এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে”।