× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশে অস্ত্র-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ সদস্যরা

লালমনিরহাট প্রতিবেদক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬ ২১:৪০ পিএম

আপডেট : ২৫ আগস্ট ২০২৬ ২১:৪২ পিএম

সীমান্তে প্রহরারত বিএসএফ সদস্য। ফাইল ছবি: বিবিসি

সীমান্তে প্রহরারত বিএসএফ সদস্য। ফাইল ছবি: বিবিসি

লালমনিরহাটের সীমান্তে গরু চড়ানোকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে বাংলাদেশে প্রবেশ করে অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পালিয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তিন সদস্য।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধীন বনচৌকি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

পরে বিজিবি বিএসএফ সদস্যদের ফেলে যাওয়া দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি উদ্ধার করে। এ ঘটনার পর পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ করেছে বিএসএফ।

বিজিবি সূত্রে জানা গেছে, এ দিন আনুমানিক দুপুর ২টা ২০ মিনিটে সীমান্ত পিলার ৯০৭/২-এসের কাছে কাঁটাতারবিহীন শূন্য লাইনে গরু চড়ানোকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলীমারী ক্যাম্পের তিন সদস্যের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ওই তিন বিএসএফ সদস্য বিজিবিকে না জানিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন।

বিষয়টি স্থানীয়রা তাৎক্ষণিকভাবে বিজিবিকে জানালে আরও লোকজন ঘটনাস্থলে জড়ো হন। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিএসএফের ওই তিন সদস্য দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে দ্রুত ভারতের অভ্যন্তরে ফিরে যান। পরে বিজিবির টহলদল ঘটনাস্থল থেকে দুটি অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করে।

ঘটনার পর লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধিনায়ক ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্টের কাছে ঘটনার কারণ জানতে চান ও পতাকা বৈঠকের আহ্বান করেন।

এর পরিপ্রেক্ষিতে সন্ধ্যা ৬টা থেকে ৬টা ৫০ মিনিট পর্যন্ত সীমান্ত পিলার ৯০৭/৪-এসের কাছে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষ থেকে বিএসএফ সদস্যদের অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ ও স্থানীয় নাগরিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডার বিষয়টি কঠোরভাবে তুলে ধরা হয়।

জবাবে বিএসএফ কমান্ড্যান্ট ঘটনাটির জন্য দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না বলে আশ্বাস দেন। একই সঙ্গে ঘটনায় জড়িত বিএসএফ সদস্যদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন।

পরে উদ্ধার করা দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বিএসএফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা