প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬ ১৯:০৫ পিএম
ইউএস-বাংলা এয়ারলাইনস ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। ছবি: ইউএস-বাংলা
যাত্রীদের বিমান যোগাযোগ আরও সহজ করতে ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস।
আগামী ৯ সেপ্টেম্বর থেকে ঢাকা-যশোর রুটে সপ্তাহে তিন দিন—শনি, বুধ ও বৃহস্পতিবার দুটি করে মোট ছয়টি ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা। এ রুটে ৭২ আসনের এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ ব্যবহার করা হবে।
সংস্থাটি মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
এর আগে ২০১৪ সালে ঢাকা-যশোর রুটে ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে ইউএস-বাংলা এয়ারলাইনসের যাত্রা শুরু হয়। তবে যাত্রীসংকটের কারণে এ রুটের সব ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়।
নতুন সময়সূচি অনুযায়ী, শনি, বুধ ও বৃহস্পতিবার প্রতিদিন প্রথম ফ্লাইটটি সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকা থেকে যাত্রা করে সকাল ১০টা ১৫ মিনিটে যশোরে অবতরণ করবে। একই উড়োজাহাজ সকাল ১০টা ৪৫ মিনিটে যশোর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে বেলা ১১টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
এ ছাড়া প্রতিদিন দ্বিতীয় ফ্লাইটটি বিকাল ৪টা ৪৫ মিনিটে ঢাকা থেকে যাত্রা করে বিকাল ৫টা ৩০ মিনিটে যশোরে পৌঁছাবে। পরবর্তীতে সন্ধ্যা ৬টায় যশোর থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
ঢাকা-যশোর রুটে ইউএস-বাংলার সর্বনিম্ন ওয়ান-ওয়ে ভাড়া পাঁচ হাজার ৭৪৯ টাকা ও রিটার্ন টিকিটসহ ভাড়া ১১ হাজার ৪৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।