× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হিলি ইমিগ্রেশন চেকপোস্টে ফিরেছে প্রাণচাঞ্চল্য

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬ ১৫:১০ পিএম

 ভারতীয় টুরিস্ট ভিসা কার্যক্রম পুনরায় চালু হওয়ায়  হিলি স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে ফিরেছে প্রাণচাঞ্চল্য। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভারতীয় টুরিস্ট ভিসা কার্যক্রম পুনরায় চালু হওয়ায় হিলি স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে ফিরেছে প্রাণচাঞ্চল্য। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দীর্ঘ দুই বছর পর ভারতীয় টুরিস্ট ভিসা কার্যক্রম পুনরায় চালু হওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে ফিরেছে প্রাণচাঞ্চল্য।

ভ্রমণ, চিকিৎসা, ব্যবসায়িক প্রয়োজন এবং আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত বেড়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে গণঅভ্যুত্থানের পর ভারত বাংলাদেশি পর্যটকদের জন্য টুরিস্ট ভিসা প্রদান কার্যক্রম বন্ধ করে দেয়। ফলে দীর্ঘ সময় পর্যটন ভিসায় দুই দেশের মধ্যে যাতায়াত কার্যত স্থবির হয়ে পড়ে। প্রায় দুই বছর পর চলতি বছরের ২৮ জুন থেকে পুনরায় টুরিস্ট ভিসার আবেদন গ্রহণ শুরু হলে ভ্রমণপিপাসু মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে। এরপর ধীরে ধীরে ভিসা কার্যক্রম স্বাভাবিক হওয়ায় সীমান্তপথে যাত্রী চলাচলও বাড়তে শুরু করে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মঙ্গলবার  সকালে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, টুরিস্ট ভিসা চালুর আগে প্রতিদিন গড়ে ১১০ থেকে ১২০ জন যাত্রী হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহার করতেন। বর্তমানে সেই সংখ্যা বেড়ে দৈনিক ১৫০ থেকে ১৬০ জনে পৌঁছেছে। ভিসা কার্যক্রম স্বাভাবিক হওয়ার পর থেকেই যাত্রী পারাপারে ধারাবাহিকভাবে বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।

ইমিগ্রেশন জানায়, দীর্ঘদিন পর পর্যটন ভিসায় ভ্রমণের সুযোগ সৃষ্টি হওয়ায় অনেক বাংলাদেশি চিকিৎসা, ভ্রমণ, শিক্ষা ও ব্যক্তিগত কাজে ভারতে যাচ্ছেন। একই সঙ্গে ভারত থেকেও পর্যটক ও দর্শনার্থীদের বাংলাদেশে আগমন বেড়েছে। ফলে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে প্রতিদিনই যাত্রীদের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে।

ভারতে চিকিৎসার উদ্দেশ্যে যাওয়া যাত্রী আব্দুল কুদ্দুস বলেন, দীর্ঘদিন টুরিস্ট ভিসা বন্ধ থাকায় আমাদের অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। এখন ভিসা চালু হওয়ায় চিকিৎসা ও ব্যক্তিগত কাজের জন্য সহজে যাতায়াত করতে পারছি।

ঢাকা থেকে হিলি হয়ে ভারতে ভ্রমণে যাওয়া নুসরাত জাহান বলেন, অনেকদিন ধরেই ভারতের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার পরিকল্পনা ছিল। ভিসা কার্যক্রম স্বাভাবিক হওয়ায় এখন সেই সুযোগ পেয়েছি। সীমান্তে যাত্রী বাড়লেও ইমিগ্রেশনের কাজ দ্রুত সম্পন্ন হচ্ছে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মো. জাকারিয়া আরও বলেন, যাত্রী সংখ্যা বৃদ্ধি পেলেও পারাপার কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীদের দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করতে ইমিগ্রেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।

এদিকে স্থানীয় ব্যবসায়ী, ট্রাভেল এজেন্ট ও ভ্রমণসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, পর্যটক ভিসা চালুর ফলে দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগ আরও জোরদার হয়েছে। পাশাপাশি সীমান্তপথে যাত্রী চলাচল বৃদ্ধির কারণে স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও সেবাখাতেও ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে।

তাদের মতে, ভিসা কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক থাকলে ভবিষ্যতে হিলি স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপারের সংখ্যা আরও বাড়বে এবং সীমান্তকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা