খুলনা বিশ্ববিদ্যালয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামি ১৭ ও ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
সোমবার বিকেলে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৭ ডিসেম্বর ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘সি’ ইউনিটের অধীনে কলা ও মানবিক স্কুল, সামাজিক বিজ্ঞান স্কুল, আইন স্কুল, শিক্ষা স্কুল এবং চারুকলা স্কুলের বিভিন্ন ডিসিপ্লিন রয়েছে।
একই দিনে ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ইউনিটের আওতায় রয়েছে ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিসিপ্লিনসমূহ।
পরদিন ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। ‘এ’ ইউনিটের আওতায় বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিসিপ্লিনসমূহ রয়েছে। ‘বি’ ইউনিটের অধীনে রয়েছে জীব বিজ্ঞান স্কুলের ডিসিপ্লিনসমূহ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচি, আবেদনসংক্রান্ত তথ্য, পরীক্ষার কেন্দ্র এবং অন্যান্য নির্দেশনা পরবর্তী সময়ে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণার ফলে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রস্তুতিও এবার নির্দিষ্ট সময়সীমার মধ্যে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হল।