খুলনা অফিস
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬ ১৪:৩১ পিএম
খুলনা মহানগরীর ১৬টি ওয়ার্ডে আবারও শুরু হয়েছে খোলা বাজারে পণ্য বিক্রি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
এক দিন ওএমএসের চাল না পেয়ে আগের মজুতের চাল দিয়েই সংসার চালিয়েছেন সেকেন্দার আলী। আয়-রোজগার না থাকায় স্বল্পমূল্যের সরকারি চালের ওপর নির্ভর করতে হয় তার পরিবারকে।
একই অবস্থা দিনমজুর সুলতান হাওলাদারের। তার ভাষায়, ইনকাম নেই, কাজকাম নেই, খুব সমস্যা। দুই-তিন দিন একটানা কাজ না থাকলে সংসার চালানো কঠিন হয়ে পড়ে। এমন বাস্তবতার মধ্যেই হাইকোর্টের আদেশ যাচাইয়ের জটিলতায় এক দিন বন্ধ থাকার পর মঙ্গলবার খুলনা মহানগরীর ১৬টি ওয়ার্ডে আবার শুরু হয়েছে খোলা বাজারে পণ্য বিক্রি (ওএমএস) কার্যক্রম।
সোমবার হাইকোর্টের একটি আদেশ সামনে আসার পর তা যাচাই-বাছাইয়ের জন্য নগরীর ১৬টি ওয়ার্ডে ওএমএসের চাল-আটা বিক্রি বন্ধ রাখা হয়। এতে নির্ধারিত সময়ে চাল কিনতে এসে অনেক মানুষকে খালি হাতে ফিরতে হয়। বাজারে চালের দাম তুলনামূলক বেশি হওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েন দিনমজুর, শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষ।
মঙ্গলবার ওএমএসের চাল বিক্রি শুরু হলে নগরীর বিভিন্ন এলাকায় দীর্ঘ সারি দেখা যায়। স্বল্পমূল্যের সরকারি চাল সংসারে কতটা গুরুত্বপূর্ণ, তা উঠে আসে ক্রেতাদের কথায়।
ডালমিল মোড় এলাকার সেকেন্দার আলী জানান, তিনি কোনো কাজ করেন না। দুই-এক দিন পরপর ওএমএসের চাল নিতে আসেন। তার এক মেয়ে টিউশনি পড়ান, ছেলে সময়-সুযোগ অনুযায়ী কাজ করেন। তাঁদের আয় দিয়েই কোনোভাবে সংসার চলে। সোমবার চাল নিতে এসে বিক্রি বন্ধ থাকায় খালি হাতে ফিরে যান তিনি। সেকেন্দার বলেন, না নিয়ে চলে গেছি। সবাই তো চলে গেছে। আগের কেনা চাল দিয়েই পরে সংসার চালিয়েছেন তিনি।
ডালমিল এলাকার সোনালী দাসও নিয়মিত ওএমএসের চাল নেন। তার স্বামী মন্টু দাস লন্ড্রির দোকানে কাজ করেন। সংসারে দুই ছেলে, দুজনই পড়াশোনা করে। সোমবার বিক্রি বন্ধ থাকায় আগে কিনে রাখা চাল দিয়েই সংসার চলেছে। মঙ্গলবার আবার চাল নিতে এসেছেন তিনি। সোনালীর ভাষায়, আগে নিয়ে রেখে দিসি, ওই দিয়ে চলছে।
দিনমজুর সুলতান হাওলাদার বলেন, ইনকাম নেই, কাজকাম নেই, খুব সমস্যা। তার ভাষ্য, দিনমজুরের জীবনে দুই-তিন দিন টানা কাজ না থাকলে চাল কিনে খাওয়াই কঠিন হয়ে পড়ে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওএমএস কার্যক্রম বন্ধ হওয়ার পেছনে রয়েছে ডিলার নিয়োগ নিয়ে দীর্ঘদিনের আইনি জটিলতা। ২০২৪ সালে ২০১২ ও ২০১৫ সালের ওএমএস নীতিমালা বাতিল করে নতুন নীতিমালা জারি করা হয়। এরপর খুলনায় ডিলার নিয়োগ নিয়ে বিরোধ দেখা দিলে ১৬ জন পুরোনো ডিলার হাইকোর্টে রিট করেন। মামলার নম্বর ১৩৯০৩/২০২৪।
ওই মামলায় ২০২৪ সালের ২৫ নভেম্বর হাইকোর্ট পূর্ব নোটিশ ছাড়া খুলনা মহানগরের ওএমএস ডিলারদের ডিলারশিপ বাতিলের সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ দেন। পরে কয়েক দফায় ওই স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ ১৭ আগস্ট স্থগিতাদেশ আগামি ৩০ অক্টোবর পর্যন্ত বহাল রাখা হয়েছে বলে আদালতের আদেশে উল্লেখ রয়েছে।
রিটকারী ডিলারদের পক্ষে সাঈয়েদুজ্জামান মোল্লা বলেন, হাইকোর্টের আদেশের অনলাইন ও সার্টিফায়েড কপি সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী ট্রেজারি চালানও জমা দিয়েছেন ডিলাররা। এরপরও সোমবার এক দিন পণ্য দেওয়া হয়নি।
খুলনার আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আবু নঈম মোহাম্মদ সফিউল আলম বলেন, আদালতের আদেশটি যাচাইয়ের জন্য ঢাকায় আইন উপদেষ্টার কাছে পাঠানো হয়েছিল। সেখান থেকে সিদ্ধান্ত পাওয়ার পর মঙ্গলবার থেকে আবার ওএমএস কার্যক্রম চালু করা হয়েছে।