× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কালীগঞ্জ পৌরসভায় মৃত্যুঝুঁকিতে ২০০ পরিবার

হাবিব ওসমান, কালীগঞ্জ (ঝিনাইদহ)

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬ ১৪:২১ পিএম

 কালীগঞ্জ পৌরসভায় বাসাবাড়ির ওপর দিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কালীগঞ্জ পৌরসভায় বাসাবাড়ির ওপর দিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার আড়পাড়া, চাপালী ও শ্রীরামপুর এলাকায় দুই শতাধিক পরিবার মৃত্যুঝুঁকি নিয়ে বাস করছে। ঘরবাড়ির ছাদ ও চালের সামান্য ওপরেই ঝুলে আছে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইন।

কোথাও কোথাও বসতঘরের ছাদ থেকে তারের দূরত্ব মাত্র দুই থেকে আড়াই ফুট। ফলে পরিবারের লোকজনের আতঙ্কে দিন কাটছে।

স্থানীয়দের অভিযোগ, প্রায় ৪৫-৫০ বছর আগে এলাকাটি ফাঁকা থাকায় বৈদ্যুতিক লাইনটি স্থাপন করা হয়। সময়ের সঙ্গে এলাকাটি ঘনবসতিপূর্ণ হয়ে উঠলেও ঝুঁকিপূর্ণ সঞ্চালন লাইনটি সরানোর উদ্যোগ নেওয়া হয়নি। দীর্ঘদিনের পুরনো তারও অনেক জায়গায় ঝুলে পড়েছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন এলাকাবাসী।

সরেজমিন আড়পাড়া, নদীপাড়া, মধুপট্টি, কোটচাঁদপুর রোড, মাঠপাড়া, দরগাপাড়া, চাপালী ও শ্রীরামপুর এলাকায় গিয়ে দেখা যায়, অসংখ্য বসতবাড়ির ওপর দিয়ে উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক লাইন চলে গেছে। অনেক বাড়ির ছাদে ওঠার সিঁড়ি পর্যন্ত বন্ধ করে দিয়েছেন বাসিন্দারা। ছাদে কাপড় শুকানো, নির্মাণকাজ কিংবা সামান্য কোনো মেরামতের কাজ করতেও ভয় পাচ্ছেন তারা।

আড়পাড়ার দরগাপাড়া গ্রামের পল্লী চিকিৎসক আব্দুল জব্বার বলেন, আমাদের এলাকার বহু বাড়ির ওপর দিয়ে ৩৩ হাজার ভোল্টের তার ঝুলে আছে। পরিবারের শিশু ও বৃদ্ধদের নিয়ে আমরা সবসময় আতঙ্কে থাকি। কখন কী দুর্ঘটনা ঘটে, সেই ভয় নিয়েই বসবাস করতে হচ্ছে।

নদীপাড়ার প্রবীণ বাসিন্দা শওকত আলী বলেন, প্রায় অর্ধশত বছর আগে যখন লাইনটি স্থাপন করা হয়, তখন এখানে তেমন বসতবাড়ি ছিল না। পরে ধীরে ধীরে ঘনবসতি গড়ে ওঠে। তার দাবি, গত তিন দশকে এই এলাকায় বাড়িঘর নির্মাণসহ বিভিন্ন কাজ করতে গিয়ে চার-পাঁচজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অনেকে।

তিনি বলেন, বৈদ্যুতিক তারগুলো এখন অনেক ঘরের ছাদ ও চালের সঙ্গে প্রায় লেগে থাকার মতো অবস্থায়। কত মানুষ যে এই লাইনের কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন, তার হিসাব নেই। আমরা চাই, বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই কর্তৃপক্ষ ব্যবস্থা নিক।

স্থানীয় ব্যবসায়ী আজগর আলী বলেন, প্রায়ই ছাদে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা শোনা যায়। ২০২৩ সালে কালুখালী গ্রামের এক রঙমিস্ত্রি নদীপাড়ায় একটি বাড়িতে রঙ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। তার ভাষ্য, দুর্ঘটনায় আহত অনেককে চিকিৎসায় বিপুল অর্থ ব্যয় করতে হয়েছে। এ কারণে অনেক পরিবার ছাদে ওঠার সিঁড়ি পর্যন্ত বন্ধ করে দিয়েছে।

নদীপাড়ার বাসিন্দা আক্তার হোসেন দোলা বলেন, আমাদের বাড়ির ওপর দিয়েই ৩৩ হাজার ভোল্টের তার গেছে। বাড়ি নির্মাণের সময় আমরা বুঝতে পারিনি এটি কতটা ভয়ংকর। এখন ছাদে উঠতেও ভয় লাগে। কয়েক বছর আগে ডিশলাইনের কাজ করার সময় উচ্চ ভোল্টেজের লাইনের সঙ্গে সামান্য সংযোগে বিকট শব্দ হয়। অনেক বাড়ির টিভি, ফ্রিজ, ফ্যানসহ বৈদ্যুতিক যন্ত্রপাতি পুড়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, এমন ঘটনা মাঝেমধ্যে ঘটলেও দীর্ঘদিনেও ঝুঁকি নিরসনে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। উচ্চ ভোল্টেজের লাইনটি ঘনবসতিপূর্ণ এলাকার ওপর দিয়ে যাওয়ায় অনেকে নতুন করে বাড়ি নির্মাণও করতে পারছেন না। কেউ কেউ জমি থাকা সত্ত্বেও তা ব্যবহার করতে পারছেন না। আবার কেউ কষ্ট করে কেনা জমি বিক্রি করে দেওয়ার চেষ্টা করছেন।

বাসিন্দাদের মতে, লাইনটি নিরাপদ উচ্চতায় নিয়ে যেতে হবে। অথবা ঘনবসতি এলাকা সরিয়ে সড়কের পাশ দিয়ে নেওয়া হলে ঝুঁকি কমবে। তাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে কোনো একদিন বড় ধরনের দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি ঘটতে পারে।

এ বিষয়ে ঝিনাইদহ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী দীন মোহাম্মদ মহিম জানান, বিষয়টি সম্পর্কে তিনি বলতে পারবেন না। তিনি বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী সবুক্ত গীনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।

নির্বাহী প্রকৌশলী সবুক্ত গীন বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নেই। কালীগঞ্জের আবাসিক প্রকৌশলীর কাছ থেকে জেনে নিন। কালীগঞ্জে আবাসিক প্রকৌশলীর দায়িত্বে থাকা সাব-ডিভিশনাল ইঞ্জিনিয়ার (অফিস হেড) জয়দীপ সরকার বলেন, লাইনটি অনেক আগের। বর্তমানে এটি রক্ষণাবেক্ষণ করা হয়। তবে এটি সরানো অত্যন্ত ব্যয়বহুল। এ বিষয়ে আবেদন করা হলে আমি তা করতে পারি। এরপর ঊর্ধ্বতন কর্মকর্তারা কী পরিমাণ টাকা ব্যয় হতে পারেন তা জানতে চাইবেন। ব্যয়ের হিসাব দেখার পর কর্তৃপক্ষ এটি এখনই করবে কি না, সেটি তাদের সিদ্ধান্তের ব্যাপার।

এদিকে দুর্ঘটনার আশঙ্কা নিয়ে বসবাস করা স্থানীয় পরিবারগুলোর দাবি, বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই ঝুঁকিপূর্ণ লাইনটি অপসারণ বা নিরাপদ দূরত্বে সরিয়ে নিতে হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা