ফেনী প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬ ১৩:৪৩ পিএম
ফেনীর ফুলগাজীতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির দায়ে এক ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : প্রতিদিনের বাংলাদেশ
ফেনীর ফুলগাজীতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির দায়ে ‘মেসার্স অহিদুর রহমান ট্রেডার্স’ নামের এক ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকেলে ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নে অবস্থিত
ওই সার দোকানে অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন ফুলগাজী উপজেলার
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেলী নোশীন প্রত্যাশা।
ভ্রাম্যমাণ আদালত জানান, প্রান্তিক কৃষকদের সুবিধার্থে সঠিক
মূল্যে সার বিক্রি নিশ্চিত করার অংশ হিসেবে নিয়মিত বাজার তদারকির পাশাপাশি এই অভিযান
চালানো হয়।
মেসার্স অহিদুর রহমান ট্রেডার্সে অনুসন্ধান
চালিয়ে দেখা যায়, প্রতি ৫০ কেজির ইউরিয়া সারের বস্তা সরকার নির্ধারিত ১৩৫০ টাকার বদলে
১৪০০ টাকায় বিক্রি করা হচ্ছিল।
বস্তাপ্রতি ৫০ টাকা অতিরিক্ত আদায় করার সত্যতা মেলায়
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ওই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা
জরিমানা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেলী নোশীন প্রত্যাশা
জানান, কৃষকদের স্বার্থরক্ষায় ও বাজারে সারের নির্ধারিত মূল্য বজায় রাখতে প্রশাসনের
এই তদারকি অব্যাহত থাকবে।
কৃত্রিম সংকট তৈরি করে বা নির্ধারিত মূল্যের
চেয়ে বেশি দামে সার বিক্রি করলে যেকোনো অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা
নেওয়া হবে।