ময়মনসিংহ অফিস
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬ ১৩:৩৯ পিএম
ময়মনসিংহের কোতোয়ালী থানার এক নম্বর পুলিশ ফাঁড়ি। ফাইল ছবি
ময়মনসিংহে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনায় পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ ২৭ কর্মকর্তা ও সদস্যকে একযোগে বদলি করা হয়েছে।
এক প্রজ্ঞাপনে সোমবার নগরীর এক নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ সকল সদস্যকে বদলির আদেশ দেওয়া হয়। এতে কার্যত ফাঁড়ির কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।
ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এক নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুব মিল্কী, চারজন উপ-পরিদর্শক (এসআই), পাঁচজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও ১৭ জন কনস্টেবলসহ মোট ২৭ জনকে পৃথক অফিস আদেশে জনস্বার্থে বদলি করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ফাঁড়িটিতে নতুন দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের পদায়ন করা হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ আগস্ট ময়মনসিংহ নগরীর গাঙ্গিনারপাড় এলাকায় যুবলীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করেন। ওই কর্মসূচির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ সেখানে কর্মরত সবাইকে বদলি করা হয়েছে।
এদিকে, ওই মিছিলের পর থেকে গত চার দিনে পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
তাদের মধ্যে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হিমন শেখ, যুবলীগ নেতা হামিদুর রহমান আকাশ, মাসুদ, সাংস্কৃতিক জোটের নেতা ফরহাদ, যুবলীগ নেতা ওবায়দুল হক ও তানভীর ওরফে লিমনসহ ২৯ জন রয়েছেন।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, ২১ আগস্ট নগরীতে যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়েছে। মামলায় উপ-পরিদর্শক (এসআই) মাজহার বাদী হয়ে ৪৩ জনের নাম উল্লেখ করেছেন। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
ওসি আরও বলেন, গত চার দিনে ওই মামলায় ২০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।