মাগুরা প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬ ১২:৩৪ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৬ ১৩:২৭ পিএম
মাগুরার বহুল আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় পিছিয়ে আগামী ৩১ আগস্ট নির্ধারণ করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মাগুরার বহুল আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় নিম্ন আদালতে প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ডের রায়ের ওপর হাইকোর্টের চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণার তারিখ পিছিয়েছে।
হাইকোর্টে এ মামলার আপিল ও ডেথ রেফারেন্সের রায় ঘোষণার দিন ধার্য
ছিল আজ মঙ্গলবার। তবে এদিন এজলাসে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে রায় ঘোষণার
তারিখ পিছিয়ে আগামী ৩১ আগস্ট (সোমবার) নির্ধারণ করা হয়েছে।
বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট
বেঞ্চে আজ মঙ্গলবার মামলাটি রায়ের জন্য ওঠে। এ সময় রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি
জেনারেল তারেক রায় ঘোষণার সময় পেছানোর আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে নতুন তারিখ
আগামী ৩১ আগস্ট নির্ধারণ করেন।
রাষ্ট্রপক্ষ চার কার্যদিবসে ২৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ করে। হিটু শেখ আদালতে
১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। দ্রুত বিচারিক কার্যক্রম শেষ করে এক মাসের
মধ্যে রায় ঘোষণা করায় মামলাটি ব্যাপক আলোচনায় আসে।
রায়ের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ কৌশলী ও অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার আইনজীবী
আহসানুল হক সমাজী বলেন, প্রধান আসামিকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে। অপর তিন আসামির
বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে। তবে ওই তিন আসামির
খালাসের বিষয়ে নথি পর্যালোচনা করে উচ্চ আদালতে আপিল করার কথা জানান তিনি।
সেই সময়ে মামলার বাদী ও শিশুটির মা আয়েশা বেগম বলেন, হিটু শেখের
ফাঁসির রায়ে তারা খুশি। তবে অপর তিন আসামির খালাসে তিনি অসন্তুটি প্রকাশ করেছিলেন।
নিম্ন আদালতের মৃত্যুদণ্ডের পর মামলাটি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পাঠানো হয়।
পাশাপাশি হিটু শেখ আপিল করেন। শুনানি শেষে আজ রায় ঘোষণার কথা থাকলেও তা পিছিয়ে ৩১ আগস্ট
নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।