প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬ ১০:৪৩ এএম
সাবেক ইউপি সদস্য ইলিয়াস আলী। ফাইল ছবি
ঝিনাইদহের শৈলকুপায় টিসিবির পণ্য নিয়ে বাক-বিতণ্ডার জেরে ইলিয়াস আলী (৭০) নামের সাবেক এক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়।
ইলিয়াস আলী উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের মৃত জিয়ারত আলীর ছেলে। তিনি পরিবার নিয়ে শৈলকুপার মালিপাড়া এলাকায় বসবাস করতেন।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, গত ২০ আগস্ট মহিলা কলেজ রোডে টিসিবি ডিলার বিধান কুমার সাহার ব্যবসা প্রতিষ্ঠানে পণ্য বিতরণ নিয়ে ইলিয়াসের ছেলে রিসালত হোসেনের সঙ্গে চতুড়া গ্রামের মাজেদুল ইসলামের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।
তাদের অভিযোগ, ওইদিন দুপুরে ইলিয়াস মোটরসাইকেলে বাড়ি থেকে শৈলকুপা শহরে যাওয়ার পথে হাজী মোড় এলাকায় মাজেদুল তাকে থামিয়ে রড ও হাঁতুড়ি দিয়ে পিটিয়ে জখম করেন।
খবর পেয়ে পরিবারের সদস্যরা অচেতন অবস্থায় ইলিয়াসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে ইলিয়াস আলী মারা যান।
নিহতের পুত্রবধূ সীমা খাতুন বলেন, “কার্ড ছাড়া টিসিবির পণ্য নেওয়াকে কেন্দ্র করে আমার স্বামীর সঙ্গে কথা কাটাকাটি হয় মাজেদুলের। দুপুরে আমার শ্বশুর বাজারে যাওয়ার সময় হাজী মোড়ে তাকে রড ও হাঁতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেন মাজেদুল।”
টিসিবি ডিলার বিধান কুমার সাহা বলেন, “পণ্য বিতরণের সময় রিসালত হোসেনের সঙ্গে একজনের বাক-বিতন্ডা ঘটে। পরে জানতে পারি রিসালতের বাবাকে মারধর করা হয়েছে।”
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, এখন পর্যন্ত নিহতের পরিবারের কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।