পিরোজপুর প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ ২২:৫৬ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৬ ২৩:০০ পিএম
সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিডিও ধারণ করতে গেলে শিক্ষক আরাফাত স্টার নিউজ ও দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক শফিকুল ইসলাম মাসুদকে কলার ধরে টেনে রুমের মধ্যে নিয়ে যান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গণিত) আরাফাতুর রহমানের বিরুদ্ধে সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং পরিচালনার অভিযোগ উঠেছে। এ বিষয়ে সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গিয়ে ওই শিক্ষকের হামলায় শিকার হয়েছেন কয়েকজন গণমাধ্যমকর্মী।
পিরোজপুর শহরের কৃষ্ণচূড়া মোড় এলাকায় শহিদ ওমর ফারুক কিন্ডারগার্টেনের পেছনের একটি কক্ষে সোমবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাংবাদিকদের অভিযোগ, ওই কক্ষে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির প্রায় ২৫ থেকে ৩০ জন শিক্ষার্থীকে কোচিং করাচ্ছিলেন শিক্ষক আরাফাতুর রহমান। সরকারি নীতিমালা অনুযায়ী, শিক্ষকদের নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কোচিং করানোর সুযোগ না থাকলেও ওই শিক্ষক নিয়মিত কোচিং করাচ্ছেন- এমন তথ্যের ভিত্তিতে সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণ করতে সেখানে যান সাংবাদিকরা।
সাংবাদিকদের অভিযোগ, কোচিং কার্যক্রমের ভিডিও ধারণের সময় শিক্ষক আরাফাতুর রহমান তাঁদের বাধা দেন। একপর্যায়ে স্টার নিউজ ও দৈনিক নয়া দিগন্তের পিরোজপুর জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম মাসুদকে কলার ধরে টেনে কক্ষের ভেতরে নিয়ে গিয়ে গায়ে হাত তোলেন তিনি।
চ্যানেল এস-এর পিরোজপুর প্রতিনিধি জিয়াউল হক বলেন, “অবৈধ কোচিংয়ের তথ্য সংগ্রহের জন্য সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিডিও ধারণ করতে গেলে শিক্ষক আরাফাত স্টার নিউজ ও দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক শফিকুল ইসলাম মাসুদকে কলার ধরে টেনে রুমের মধ্যে নিয়ে যান। তখন আমি এবং চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি শাফিউল মিল্লাত সহকর্মীকে উদ্ধারের জন্য এগিয়ে গেলে আরাফাত আমাকে স্টিলের স্কেল দিয়ে ডান হাতের কবজির ওপর আঘাত করেন। এতে আমার হাত রক্তাক্ত হয়। একই সময় শাফিউল মিল্লাতকেও ধাক্কা দেওয়া হয়”।
আহত সাংবাদিক জিয়াউল হক বলেন, “নিউজ সংগ্রহ করতে গিয়ে যদি আমাদের হামলার শিকার হতে হয়, তাহলে আমরা নিরাপত্তা চাইবো কার কাছে?”
হামলায় স্টার নিউজ ও দৈনিক নয়া দিগন্তের পিরোজপুর জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম মাসুদ, চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি শাফিউল মিল্লাত এবং চ্যানেল এস-এর প্রতিনিধি জিয়াউল হক আহত হন। পরে তারা পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসা নেন।
এ ঘটনায় শফিকুল ইসলাম মাসুদের পক্ষ থেকে পিরোজপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। একই সঙ্গে জেলা প্রশাসক এবং পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বরাবরও লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, “আমরা গুরুত্বের সঙ্গে অভিযোগ গ্রহণ করেছি। তদন্ত সাপেক্ষে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে”।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষক আরাফাতুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন। পরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
কোচিং পরিচালনার বিষয়ে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবর তালুকদার বলেন, “সরকারি নির্দেশনা মোতাবেক কোচিং করা থেকে বিরত থাকার জন্য ইতোমধ্যে আমি আমার শিক্ষকদের নির্দেশনা দিয়েছি। নিষেধ করা সত্ত্বেও শিক্ষকরা কীভাবে কোচিং করছেন, সেটা আমার জানা নেই”।
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় থানায় দেওয়া অভিযোগের বিষয়ে পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, “কোচিং সেন্টারের নিউজ সংগ্রহের জন্য গিয়ে শিক্ষক কর্তৃক সাংবাদিকদের ওপর হামলা হয়েছে মর্মে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে”।