× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পৃথক মামলায় দুজনের মৃত্যুদণ্ড, একজনের ১০ বছর জেল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ ২০:৪০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মৌলভীবাজারে নিজের মেয়েকে হত্যার দায়ে এক বাবাকে মৃত্যুদণ্ড, ফরিদপুরে চিকিৎসার নামে এক কিশোরীকে যৌন নিপীড়নের মামলায় এক কবিরাজকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং নারায়ণগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলায় প্রধান আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অফিস ও প্রতিবেদকদের পাঠানো খবর :

মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জে জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের সাড়ে তিন বছর বয়সী মেয়েকে হত্যার দায়ে শরীফ আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার সকালে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ১২ বছর পর মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শরীফ আলী কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব ভানুবিল গ্রামের আরিফ মিয়ার ছেলে।

মামলার বিবরণ অনুযায়ী, প্রতিবেশী সালেক মিয়ার সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলছিল শরীফ আলীর। ওই বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশ্যে ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি রাতে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় তার মেয়ে রুনা বেগমকে হত্যা করে সালেক মিয়া হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে প্রচার করা হয়। তবে শিশুটির মা নেকজান বিবি নিজেই বাদী হয়ে স্বামী শরীফ আলীকে আসামি করে হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ তাকে গ্রেপ্তার করে। 

বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে ঝাড়ফুঁকের মাধ্যমে চিকিৎসার কথা বলে ১৫ বছর বয়সী এক কিশোরীকে যৌন নিপীড়নের মামলায় এক কবিরাজকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাস কারাভোগ করতে হবে।

সোমবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত মো. হানিফ শেখ (৫১) রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন না। পরে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের মার্চে চিকিৎসার উদ্দেশ্যে কিশোরীকে হানিফ শেখের কাছে নিয়ে যান স্বজনরা। পরদিন আবার চিকিৎসা দেওয়ার কথা বলে তাকে নিজের কক্ষে নেওয়ার পর কিশোরীর সঙ্গে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। ঘটনার পর পরিবারের কাছে বিষয়টি জানালে কিশোরীর বাবা বোয়ালমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। 

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে অটোরিকশাচালক মো. জামাল হত্যা মামলার প্রধান আসামি মনিরুল ইসলাম রঞ্জু ওরফে গালপোড়া রঞ্জুকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপর আসামি মো. আকাশ আহমেদকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা দেওয়া হয়েছে। একই মামলায় আরও দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক নাজমুন্নাহার সুমি এ রায় ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ আব্দুস সামাদ জানান, সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত প্রধান আসামিকে মৃত্যুদণ্ড এবং দ্বিতীয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

মামলার নথি অনুযায়ী, ২০১১ সালের ১৩ জুলাই সকালে নারায়ণগঞ্জ সদর থানার চাষাঢ়া মোড় এলাকা থেকে অটোরিকশাচালক মো. জামাল নিখোঁজ হন। পরে একই দিন আমলাপাড়ার একটি বাড়ির পেছন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা