× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৬ জেলায় ছয় খুন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ ২০:৩৬ পিএম

আপডেট : ২৪ আগস্ট ২০২৬ ২০:৩৭ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দেশের বিভিন্ন এলাকায় পৃথক ঘটনায় কয়েকজনকে কুপিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। 

কিশোরগঞ্জের ভৈরব, বগুড়া, সিলেট, রংপুর, গাজীপুর ও মাদারীপুরের শিবচরে রবিবার রাতে ও সোমবার ভোরে এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে রয়েছেন—সাবেক কাউন্সিলর, সাবেক ইউপি সদস্য, ব্যবসায়ী ও যুবক। এসব ঘটনায় কয়েকজনকে আটক ও গ্রেপ্তার করা হয়েছে। অধিকাংশ ঘটনার কারণ এখনও নিশ্চিত নয়; ঘটনাগুলোর তদন্ত করছে পুলিশ।

ভৈরবে সাবেক কাউন্সিলর খুন 

কিশোরগঞ্জের ভৈরবে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় মো. আল আমিন সৈকত নামের পৌরসভার সাবেক এক কাউন্সিলর নিহত হয়েছেন। 

পৌরশহরের টিনপট্টি এলাকার গোপাল জিউর মন্দিরের সামনে রবিবার রাতে এ ঘটনা ঘটে। 

নিহত মো. আল আমিন পৌরশহরের আড়াইবেপারী বাড়ির জসিম উদ্দিনের ছেলে। তিনি ভৈরব পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। একই সঙ্গে তিনি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। 

স্থানীয় সূত্র জানায়, রবিবার রাত সাড়ে ১১টার দিকে আল আমিন তার ব্যবসাপ্রতিষ্ঠান ‘রিভারভিউ’ হোটেলে ছিলেন। রাত ১১টা ৫০ মিনিটের দিকে মোটরসাইকেলে করে তিনি বাসার উদ্দেশে রওনা হন। বাসার সড়কে ঢুকে কিছুদূর যাওয়ার পর রাত ১২টার দিকে টিনপট্টি এলাকার গোপাল জিউর মন্দিরের সামনে দুর্বৃত্তরা তার পথরোধ করে। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব রহমান বলেন, টিনপট্টি এলাকার গলির ভেতরে দুর্বৃত্তদের হামলায় আল আমিন সৈকত নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বগুড়ায় সাইফুল ইসলাম নামের সাবেক এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

সদর উপজেলার আশোকোলা পূর্বপাড়া (বাঘোপাড়া) এলাকায় রবিবার রাতে এ ঘটনা ঘটে। 

নিহত সাইফুল ইসলাম ওই গ্রামের মৃত আবেদ আলী মন্ডলের ছেলে। তিনি নুনগোলা ইউনিয়ন পরিষদের দুবারের সাবেক সদস্য ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, রবিবার রাতে বাঘোপাড়া বাজার থেকে এক নাতিকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন সাইফুল ইসলাম। বাড়ির কাছাকাছি পৌঁছলে তিন যুবক তার পথরোধ করে। এ সময় তাদের কথাকাটাকাটি হয়। এর একপর্যায়ে ওই যুবকেরা রামদা দিয়ে সাইফুলকে এলোপাতাড়ি কোপায়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় পাশের একটি জমিতে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। ঘটনাস্থল থেকে একজোড়া জুতা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। তবে কারা এ ঘটনায় জড়িত, তা শনাক্তে পুলিশের একাধিক টিম কাজ করছে।

সিলেটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা 

সিলেট নগরীর শাহপরান (রহ.) থানার ইসলামাবাদ এলাকায় শাহাব উদ্দিন (৬৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। 

নিজ বাসার অদূরে রবিবার রাতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত শাহাব উদ্দিন বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার বাসিন্দা ছিলেন। তিনি পরিবার নিয়ে শাহপরান এলাকার নিজের বাসায় বসবাস করতেন। চারখাই বাজারে তার ভোগ্যপণ্যের ব্যবসা ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার রাতে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে শাহাব উদ্দিনকে কয়েকজন আটকে রেখেছে বলে খবর পান তার ছোট ছেলে রেদোয়ান আহমদ। এরপর তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাবাকে রাস্তায় পড়ে থাকতে দেখেন। এ সময় তার ঘাড়ে ধারালো অস্ত্রের অন্তত তিনটি আঘাতের চিহ্ন দেখা যায়। শরীরের বিভিন্ন স্থানও রক্তাক্ত ছিল। পরে স্বজনরা দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। তবে হাসপাতালে পৌঁছার আগেই শাহাব উদ্দিনের মৃত্যু হয়। 

শাহপরান (রহ.) থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

রংপুরে যুবক হত্যা, প্রেমিকা ও স্বামী আটক

রংপুরে আবু বক্কর সিদ্দিক নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। 

কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার চরচতুরা এলাকার রাস্তার পাশ থেকে রবিবার রাত ১১টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত আবু বক্কর সিদ্দিক হারাগাছ ইউনিয়নের পল্লীমারি হক বাজারের রাজা মিয়ার ছেলে। 

মেট্রোপলিটন হারাগাছ থানার ওসি অশোক চৌহান জানান, সিদ্দিক রবিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে লালমনিরহাট সদরে যান। রাত ৯টার দিকে পরিবারের লোকজন জানতে পারেন, সিদ্দিককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে লাশ রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে। খবর পেয়ে হারাগাছ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

হারাগাছ থানার অফিসার ইনচার্জ (ওসি) অশোক চৌহান বলেন, হারাগাছ এলাকার সাজু মিয়ার স্ত্রী মুন্নীর সঙ্গে সিদ্দিকের পরকীয়া ছিল। এর জেরে সিদ্দিককে হত্যা করা হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। 

তিনি বলেন, হারাগাছ থানা পুলিশ মুন্নীকে এবং পিবিআই সাজু মিয়াকে আটক করেছে। 

গাজীপুরে চাকরির প্রলোভনে ডেকে তরুণকে হত্যা 

গাজীপুরের টঙ্গীতে চাকরি দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নেওয়ার ২৭ দিন পর এক তরুণের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

টঙ্গী ইজতেমা ময়দানের একটি ড্রেন থেকে সোমবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত যুবকের নাম আকাশ সরদার। তিনি ফরিদপুর কোতোয়ালি থানার ঈশানগোপালপুর ইউনিয়নের রহমত বেপারীপাড়া গ্রামের মো. করিম সরদারের ছেলে। 

পুলিশ জানায়, বিদেশে চাকরি শেষে দেশে ফিরে বেকার ছিলেন আকাশ। এ সময় পূর্বপরিচিত কয়েকজনের সঙ্গে চাকরির বিষয়ে যোগাযোগ করেন তিনি। গত ২৭ জুলাই সকালে মাজহারুল ইসলাম ওরফে মিঠু নামের একজন চাকরি দেওয়ার কথা বলে তাকে ফরিদপুরের বাড়ি থেকে ঢাকার উদ্দেশে নিয়ে যান। ওইদিন সন্ধ্যায় সুমন নামের এক ব্যক্তি হোয়াটসঅ্যাপে আকাশের স্ত্রী জেরিনকে ফোন করে জানান, আকাশকে আটকে রাখা হয়েছে। পরে ২ আগস্ট আকাশের বাবা করিম সরদার কোতোয়ালি থানায় অপহরণ মামলা করেন। মামলায় নারায়ণগঞ্জের সোনারগাঁর নাজিরপুর গ্রামের মাজহারুল ইসলাম ওরফে মিঠুকে প্রধান আসামি করা হয়। এতে মো. অপু মিয়া ও মগবাজার এলাকার মো. সুমন মিয়ার নামও উল্লেখ করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. হাসান সিকদার তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রধান আসামি মাজহারুল ইসলামের অবস্থান শনাক্ত করেন। পরে রিকুইজিশনের ভিত্তিতে র‍্যাব-১-এর উত্তরা ক্যাম্পের একটি টিম গতকাল রবিবার গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে মাজহারুল ইসলাম আকাশকে হত্যার পর ইজতেমা ময়দানের পূর্বপাশের একটি ড্রেনে মরদেহ গুম করে রাখার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী সোমবার সকালে ওই ড্রেন থেকে আকাশের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। 

শিবচরে মাকে হত্যার পর নদীতে ফেলে দেওয়া শিশুর লাশ উদ্ধার 

মাদারীপুরের শিবচরে শাম্পা খাতুনকে ধর্ষণের পর হত্যা এবং তার এক বছর বয়সী ছেলে আবিরকে হত্যার অভিযোগে আটক ফারুক মোল্লার দেওয়া তথ্যের ভিত্তিতে শিশুটির লাশ আড়িয়াল খাঁ নদ থেকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের পাঁচ দিন পর সোমবার সকালে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন শিবচর থানার ওসি কামাল হোসেন।

এর আগে ১৯ আগস্ট শিবচরের মাদবরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকায় জমির ঝোপের পাশে এক অজ্ঞাত নারীর মরদেহ পড়ে থাকার খবর পায় পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্ত করে। নিহত ওই নারীর নাম শাম্পা খাতুন। তিনি নাটোরের লালপুর থানার বেরিলাবাড়ি পোস্টের আট্রিকা গ্রামের ছামরুল ইসলামের মেয়ে।

তিন বছর আগে মাদারীপুর জেলার বড় মেহের এলাকার মো. শাহাবুদ্দিন হাওলাদারের সঙ্গে শাম্পা খাতুনের বিয়ে হয়। এ ঘটনায় ২০ আগস্ট ছামরুল ইসলাম শিবচর থানায় একটি হত্যা মামলা করেছেন। পরে পুলিশ ও র‍্যাব-৮, মাদারীপুরের একটি যৌথ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ফারুক মোল্লা নামের একজনকে আটক করে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে ফারুক মোল্লা শাম্পা খাতুনকে ধর্ষণের পর হত্যা এবং শিশু আবিরকেও হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছেন।

[প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন মধ্যাঞ্চলীয়, বগুড়া, সিলেট, রংপুর অফিস, ভৈরব, টঙ্গী (গাজীপুর) ও শিবচর (মাদারীপুর) প্রতিবেদক]

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা