ঝালকাঠি প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ ২০:১৫ পিএম
ঝালকাঠি সদর হাসপাতালে কর্মরত স্বাস্থ্যসেবাদানকারীদের নিয়ে অসংক্রামক রোগ (এনসিডি) বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঝালকাঠি সদর হাসপাতালে কর্মরত স্বাস্থ্যসেবাদানকারীদের নিয়ে অসংক্রামক রোগ (এনসিডি) বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় ঝালকাঠি জেলা সদর হাসপাতালের মিলনায়তনে বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচি ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় সদর হাসপাতালে কর্মরত ৫ জন চিকিৎসক, ৭ জন স্বাস্থ্যসেবিকা, ১ জন স্টোরকিপার ও ১ জন পরিসংখ্যানবিদ অংশ নেন। কর্মশালার উদ্বোধন করেন ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার।
প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি প্রেস ক্লাব সভাপতি ও জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি আককাস সিকদার। বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচির ডেপুটি প্রোগ্রাম ডাইরেক্টর ডা. শামীম জুবায়ের বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।
কর্মশালায় উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা কেন্দ্রের সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
উল্লেখ্য, বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি অগ্রাধিকারমূলক স্বাস্থ্যসেবা কর্মসূচি। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের যৌথ অংশীদারত্বে দেশের ৩২৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মসূচিটি বাস্তবায়িত হচ্ছে।