গৌরনদী (বরিশাল) প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ ২০:১৩ পিএম
বরিশালের গৌরনদীতে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মামুন খন্দকারের সঙ্গে উপজেলা প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বরিশালের গৌরনদীতে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মামুন খন্দকারের সঙ্গে সোমবার উপজেলা প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনসেবা ও স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। গৌরনদী উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ইব্রাহীমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। বক্তব্যে তিনি গৌরনদীর সার্বিক উন্নয়ন, জনসেবা নিশ্চিতকরণ এবং স্থানীয় সমস্যা সমাধানে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। সভায় নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মামুন খন্দকার উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় গৌরনদীতে মাদকের ভয়াবহ বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন উপস্থিত গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। তারা মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান জোরদার, মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান।
এ ছাড়া বরিশাল-ঢাকা মহাসড়কের বিভিন্ন স্থানে সড়কের বেহাল দশা ও সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়টিও সভায় গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
জেলা প্রশাসক মো. মামুন খন্দকার স্থানীয়দের বক্তব্য শোনেন এবং জনসেবা নিশ্চিতকরণ ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান।
পরিশেষে দুপুর দেড়টায় জেলা প্রশাসক মামুন খন্দকার পালরদী স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন এবং স্কুল চত্বরে একটি চারা রোপণ করেন।