কক্সবাজার অফিস
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ ২০:১০ পিএম
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে বিদেশি একটি এসএমজি ও ৩২৭টি গুলিসহ রোহিঙ্গা এক নারীকে আটক করেছে র্যাব। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে বিদেশি একটি এসএমজি ও ৩২৭টি গুলিসহ রোহিঙ্গা এক নারীকে আটক করেছে র্যাব।
সোমবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ ম ফারুক।
আটক শামসুন নাহার (১৮) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের এইচ-ব্লকের শামসুর আলমের মেয়ে।
আ ম ফারুক বলেন, রবিবার রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের কবরস্থান পাহাড়ের (জাকিরের ডেইল পাহাড়) পাদদেশে কতিপয় লোকজন অস্ত্র ও গুলি মজুদ করার খবরে সেখানে অভিযান চালানো হয়। ঘটনাস্থলে পৌঁছার আগেই দুর্বৃত্তরা পালিয়ে গেলেও ঘটনাস্থল তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি সাব-মেশিনগান পাওয়া যায়। একইদিন সন্ধ্যায় টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের এইচ-ব্লকে অভিযান চালিয়ে ৩২৭টি রাইফেলের গুলিসহ এক নারীকে আটক করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার নারীকে টেকনাফ থানায় হস্তান্তরসহ মামলা করা হয়েছে।