পীরগঞ্জ (রংপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ ১৯:৪৩ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৬ ১৯:৪৬ পিএম
রংপুরের পীরগঞ্জে শিশুর গলায় ধারালো ছুরি ঠেকিয়ে এক শিক্ষিকার কাছ থেকে স্বর্ণের চেইন ছিনতােইয়ের অভিযোগ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রংপুরের পীরগঞ্জে চার বছর বয়সি কোলের শিশুর গলায় ধারালো ছুরি ঠেকিয়ে এক শিক্ষিকার কাছ থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
উপজেলার মকিমপুর গ্রামে পীরগঞ্জ ফায়ার স্টেশনের পাশে
পুষ্টি অফিসের সামনে সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।
অভিযোগে জানা যায়, মকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
সহকারী শিক্ষক মোছা. শামীমা আক্তার প্রতিদিনের মতো সোমবার বিকেল পৌনে ৪টার দিকে
সহকর্মীদের সঙ্গে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। তাদের অটোরিকশাটি মকিমপুর গ্রামের
পীরগঞ্জ ফায়ার স্টেশনের পাশে পুষ্টি অফিসের সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা অজ্ঞাত
দুই ব্যক্তি পথরোধ করেন।
এ সময় শামীমা আক্তারের কোলে থাকা চার বছর বয়সি শিশু তিয়াশা জান্নাতের গলায় ধারালো
ছুরি ঠেকিয়ে দুর্বৃত্তরা বলে, ‘কার কাছে কী আছে দিয়ে দিন, নইলে শেষ করে ফেলব।’ এতে
আতঙ্কিত হয়ে শিক্ষিকা ও তার সহকর্মীরা চিৎকার শুরু করেন।
একপর্যায়ে দুর্বৃত্তরা শামীমা আক্তারের গলায় থাকা প্রায় ১ ভরি ১ আনা ওজনের একটি
স্বর্ণের চেইন টান দিয়ে ছিনিয়ে নেয়। ওই চেইনের আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা
বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে
যায় তারা।
ঘটনার পর আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়
গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ করেন ওই শিক্ষিকা।
এ ঘটনায় শামীমা আক্তারসহ তার তিন সহকর্মী পীরগঞ্জ থানায়
অজ্ঞাত দুই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয়
আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন ওই শিক্ষিকা।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক
বলেন, ‘আমরা তদন্ত শুরু করেছি। দ্রুতই এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া
হবে।’