× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গোপসাগরে জাহাজডুবি: বাবার ফোনের অপেক্ষায় দুই শিশু

​সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ ১৮:০৫ পিএম

আপডেট : ২৪ আগস্ট ২০২৬ ১৮:১০ পিএম

বাবার ফোনের অপেক্ষায় সাতক্ষীরার মেরিন ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুনের মেয়ে মারিফুল জান্নাত ও ছেলে মোয়াজ আব্দুল্লাহ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাবার ফোনের অপেক্ষায় সাতক্ষীরার মেরিন ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুনের মেয়ে মারিফুল জান্নাত ও ছেলে মোয়াজ আব্দুল্লাহ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রতিদিন সকাল-বিকেল কিংবা রাত—মায়ের হাতে থাকা মুঠোফোনটির দিকে অপলক তাকিয়ে থাকে পাঁচ বছরের মারিফুল জান্নাত। ফোন বাজলেই তিন বছরের ছোট ভাই মোয়াজ আব্দুল্লাহকে নিয়ে দৌড়ে যায় সে। তাদের বিশ্বাস, সমুদ্র থেকে কাজের ফাঁকে ভিডিও কল দিয়ে কথা বলবেন বাবা। কিন্তু কয়েক দিন ধরে সেই ফোন আর বাজছে না। অবুঝ দুই শিশু জানে না, বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ে তাদের বাবা নিখোঁজ হয়েছেন। তারা শুধু ভাবছে, বাবা হয়তো সমুদ্রের কাজে খুব ব্যস্ত।

ভারতের উপকূলের কাছে বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী পণ্যবাহী জাহাজ ‘এমভি ওশান উইনার’ যান্ত্রিক ত্রুটির কারণে ডুবে যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন সাতক্ষীরার মেরিন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। তিনি সাতক্ষীরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আমতলা এলাকার বাসিন্দা ডক্টর আব্দুর রহিমের ছেলে।

স্বজনেরা জানান, গত বুধবার মামুনের সঙ্গে শেষবার ফোনে কথা হয়েছিল পরিবারের। সেদিনও সন্তানদের খোঁজখবর নিয়েছিলেন তিনি। কিন্তু শনিবার দুপুরে পরিচিতদের মাধ্যমে তারা জানতে পারেন, যান্ত্রিক গোলযোগের কারণে জাহাজটি সমুদ্রে ডুবে গেছে এবং মামুন নিখোঁজ রয়েছেন।

সাতক্ষীরায় মামুনের বাড়িতে এখন স্বজন ও প্রতিবেশীদের ভিড়। সবার চোখে-মুখে দুশ্চিন্তার ছাপ। তবে মামুনের দুই সন্তান এখনো বাবার কলের অপেক্ষায় প্রহর গুনছে। মারিফুল মাঝে মাঝেই মাকে জিজ্ঞেস করছে, ‘মা, বাবা ফোন দিচ্ছে না কেন?’ সন্তানদের এমন প্রশ্নে কান্নায় ভেঙে পড়ছেন মামুনের স্ত্রী, কোনো উত্তর দিতে পারছেন না তিনি।

নিখোঁজ ইঞ্জিনিয়ারের বাবা ডক্টর আব্দুর রহিম বলেন, “কাজের প্রয়োজনে ছেলে মাসের পর মাস সমুদ্রে থাকে। এই ফোন কলগুলোই ছিল যোগাযোগের একমাত্র মাধ্যম। জাহাজ ডুবে যাওয়ার পর এত দিন পার হলো, অথচ ছেলে বেঁচে আছে কি না—সেই নিশ্চিত খবরটুকুও আমরা পাচ্ছি না। ফোন বাজলেই বাচ্চারা ফোনের দিকে ছুটে যায়। সরকারের কাছে আমাদের দাবি, আমার ছেলের সঠিক খবর দ্রুত এনে দেওয়া হোক।”

এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক কায়সার আজিজ জানান, বিষয়টি জানার পরপরই নিখোঁজ ইঞ্জিনিয়ারের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

তিনি বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহণ মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের উদ্ধারকারী দল ও কূটনৈতিক পর্যায়ে সার্বিক যোগাযোগ রাখা হচ্ছে। দ্রুততম সময়ে মামুনের তথ্য পরিবারকে জানানোর চেষ্টা চলছে।

গত শনিবার ভারতের উড়িষ্যা উপকূলে পানামার পতাকাবাহী কার্গো জাহাজ ‘ওশান উইনার’ ১ হাজার ৭০০ টন লোহার আকরিক নিয়ে মাত্র আট মিনিটে ডুবে যায়। ওই জাহাজে থাকা ২৪ জন ক্রুর মধ্যে ২০ জন চীনা ও ৩ জন মিয়ানমারের নাগরিক এবং একমাত্র বাংলাদেশি ছিলেন মেরিন ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল মামুন। ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনী দুই চীনা নাগরিককে উদ্ধার করতে পারলেও মামুনসহ ২২ জন এখনো নিখোঁজ রয়েছেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তাদের বেঁচে ফেরার সম্ভাবনা নিয়ে বাড়ছে উদ্বেগ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা