আইনি জটিলতা :
মাশরুর মুর্শেদ, খুলনা
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ ১৭:৫৮ পিএম
কম দামে ওএমএসের চাল-আটা কিনে ঘরে ফেরার অপেক্ষায় ক্রেতারা।ছবি : প্রতিদিনের বাংলাদেশ
সকাল থেকেই লাইন দীর্ঘ হচ্ছিল। কারও হাতে টাকা, কারও হাতে চাল-আটা নেওয়ার বস্তা। উদ্দেশ্য একটাই—কম দামে ওএমএসের চাল-আটা কিনে ঘরে ফেরা। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর মিলল হতাশার খবর। সেদিন ওএমএসের চাল-আটার কোনো বরাদ্দ নেই। টাকা জমা দেওয়া হলেও গুদাম থেকে পণ্য আসেনি। ফলে খালি হাতেই ফিরতে হয়েছে পাঁচ হাজারেরও বেশি মানুষকে।
খুলনা মহানগরের ১৬টি ওয়ার্ডে সোমবার
এমন চিত্র দেখা গেছে। ৩০ টাকা কেজি দরের চালের আশায় আসা নিম্নআয়ের মানুষদের এখন বাজারের
৫৫ থেকে ৬০ টাকা কেজি দরের চাল কেনার চিন্তায় পড়তে হচ্ছে। সংশ্লিষ্টদের দাবি, একদিনেই
প্রায় পাঁচ হাজার ভোক্তা ওএমএসের চাল-আটা থেকে বঞ্চিত হয়েছেন। একই সঙ্গে এ কর্মসূচির
ওপর নির্ভরশীল অন্তত ৮০ জন কর্মীর পরিবারও অনিশ্চয়তায় পড়েছে।
খালিশপুরের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা
আশরাফ আলী জন্ম থেকেই দুই হাতবিহীন। মানুষের সাহায্যে তাঁর সংসার চলে। সাহায্য হিসেবে
পাওয়া সামান্য অর্থ দিয়ে কখনও চাল কেনেন, আবার কখনও না খেয়েও থাকতে হয়। কম দামের ওএমএসের
চালই তাঁর সংসারের অন্যতম ভরসা।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ক্রিসেন্ট
জুট মিল গেটের পশ্চিম পাশে একটি ওএমএস বিক্রয়কেন্দ্রে গিয়ে চাল না পেয়ে চোখের জল মুছতে
মুছতে তিনি বলেন, এখান থেকে চাল নিয়েই সংসার চালাই। চাল বন্ধ করে দিলে বাঁচব কীভাবে?
শুধু আশরাফ নন, একই পরিস্থিতির মুখোমুখি
হয়েছেন ৭, ৮, ১০, ১১, ১২, ১৫, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২৪, ২৫, ২৬, ২৭ ও ৩০ নম্বর ওয়ার্ডের
ওএমএস কেন্দ্রের ভোক্তারাও। সকাল থেকে লাইনে দাঁড়িয়েও পণ্য না পেয়ে ফিরেছেন বহু নারী-পুরুষ।
ক্রিসেন্ট গেট এলাকার নাজমুল ট্রেডার্সের
বিক্রয়কেন্দ্রে আসা মরিয়মের সংসার চলে বাসাবাড়িতে কাজ করে। স্বামী মারা গেছেন। তিন
সন্তানকে নিয়ে তাঁর সংসার। সপ্তাহে দুদিন ওএমএস থেকে চাল ও আটা নেন তিনি।
মরিয়ম বলেন, এখানে ৩০ টাকা কেজি দরে
চাল পাই। বাইরে থেকে কিনতে হলে ৫৫-৬০ টাকা লাগবে। তাহলে খাওয়ার পরিমাণ কমাতে হবে।
একই কেন্দ্রের আরেক ক্রেতা রিনি জানান,
তাঁর স্বামী একসময় জুটমিলে শ্রমিক ছিলেন। মিল বন্ধ হওয়ার পর এখন ভ্যান চালান। দুই ছেলে
স্কুলে পড়ে। সংসারের খরচ মেটাতে রিনি ও তাঁর শাশুড়িকেও বাসাবাড়িতে কাজ করতে হয়।
রিনি বলেন, চাল নিতে এসে শুনি আজ চাল
দেবে না। টাকা জমা দেওয়া হয়েছে, কিন্তু মাল আসেনি। এখন ৩০ টাকার চাল ৫৫-৬০ টাকায় কিনতে
হবে।
একসময় পিপলস জুটমিলে চাকরি করা মোহাম্মদ
দুলাল বর্তমানে শিববাড়ী মোড়ে নাইট গার্ডের কাজ করেন। তিনি বলেন, সামান্য কিছু টাকা
সাশ্রয়ের জন্যও তাঁরা লাইনে দাঁড়াই। এই পয়েন্ট বন্ধ হয়ে গেলে আমাদের যাওয়ার পথ থাকবে
না।
প্রাক্তন জুটমিল শ্রমিক মানিক মিয়া
ছয় সদস্যের সংসারে এক ছেলে সামান্য বেতনে দারোয়ানের কাজ করেন। তাঁর প্রশ্ন, ৫০-৫৫ টাকা
কেজি চাল কেনার ক্ষমতা নেই, ওএমএস বন্ধ হলে আমরা কীভাবে চলব?
সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিলার নিয়োগসংক্রান্ত
দীর্ঘদিনের আইনি জটিলতার কারণে খুলনার এসব এলাকায় ওএমএসের চাল-আটা সরবরাহ বন্ধ রয়েছে।
২০২৪ সালে ২০১২ ও ২০১৫ সালের ওএমএস নীতিমালা বাতিল করে নতুন নীতিমালা জারি করা হয়।
এরপর খুলনায় ডিলার নিয়োগ নিয়ে বিরোধ সৃষ্টি হলে ১৬ জন পুরনো ডিলার হাইকোর্টে রিট করেন।
ওই মামলায় ২০২৪ সালের ২৫ নভেম্বর হাইকোর্ট
পূর্ব নোটিশ ছাড়া খুলনা মহানগরের ওএমএস ডিলারদের ডিলারশিপ বাতিলের সিদ্ধান্তের ওপর
স্থগিতাদেশ দেন। পরে কয়েক দফায় সেই স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ ১৭ আগস্ট
আরও আড়াই মাসের জন্য স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়ে ৩০ অক্টোবর পর্যন্ত বহাল রাখা হয়েছে
বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
রিটকারী ১৬ ডিলারের পক্ষে সাঈয়েদুজ্জামান
মোল্লার দাবি, হাইকোর্টের আদেশের অনলাইন ও সার্টিফায়েড কপি সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া
হয়েছে। নিয়ম অনুযায়ী ট্রেজারি চালানও জমা দিয়েছেন ডিলাররা। এরপরও পণ্য তোলার অনুমতি
দেওয়া হয়নি।
তিনি বলেন, প্রায় দুই বছর হাইকোর্টের
নির্দেশ মেনে কার্যক্রম চলেছে। অন্য ডিলাররা পণ্য তুলতে পারলেও খুলনার ১৬ জন ডিলার
কেন বাদ পড়লেন, সেই প্রশ্নের উত্তর মিলছে না।
নাজমুল ট্রেডার্সের স্বত্বাধিকারী ও
ডিলার শেখ সেলিম রেজা জানান, আদালতের আদেশসংক্রান্ত জটিলতায় চাল সরবরাহ আটকে রয়েছে।
আগে আদালতের আদেশের স্ক্রিনশট দেখিয়ে অনুমতি নিয়ে চাল বিতরণ করা হলেও এবার খাদ্য দপ্তর
থেকে আদালতের অফিসিয়াল কাগজ না পাওয়া পর্যন্ত পণ্য না দেওয়ার কথা বলা হয়েছে।
খুলনার আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আবু
নঈম মোহাম্মদ সফিউল আলম জানান, আদালতের আদেশটি সঠিক কি না, তা যাচাইয়ের জন্য ঢাকায়
আইন উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে। সেখান থেকে সিদ্ধান্ত পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ
করা হবে।
তবে আশরাফ, মরিয়ম, রিনি কিংবা মানিকদের
কাছে ওএমএস শুধু একটি সরকারি কর্মসূচি নয়—এটি
স্বল্প আয়ের মানুষের খাবার জোগাড়ের অন্যতম ভরসা। আদালত ও প্রশাসনিক জটিলতার মাঝখানে
সেই ভরসাটুকুই এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।