বান্দরবান প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ ১৬:৪৯ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৬ ১৬:৫০ পিএম
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক নিহত। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে মো. সাইফুল নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্তের ৫২ নম্বর পিলার সংলগ্ন এলাকায় সোমবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল নাইক্ষ্যংছড়ির দোছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাইনছড়ি এলাকার মো. সাবেরের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সোমবার সকালে ৫২ নম্বর সীমান্ত পিলারের শূন্যরেখা থেকে প্রায় ৪০০ মিটার মিয়ানমারের অভ্যন্তরে ডুইল্যাঝিরি ক্যাম্প সংলগ্ন এলাকায় যান সাইফুল। এলাকাটি বর্তমানে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে রয়েছে। সেখানে তাদের পুঁতে রাখা একটি স্থলমাইন বিস্ফোরণে সাইফুল গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। তবে সাইফুল ঠিক কী কারণে মিয়ানমারের ভেতরে গিয়েছিলেন, সে বিষয়ে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিস্ফোরণের ঘটনাটি মিয়ানমারের অভ্যন্তরে ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় রেখে সীমান্ত এলাকায় নজরদারি অব্যাহত রয়েছে।”