ফেনী প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ ১৫:৪১ পিএম
ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নুসরাতের মা শিরিন আক্তার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন তার মা শিরিন আক্তার।
তবে বিভিন্ন হুমকির অভিযোগ তুলে পরিবারের নিরাপত্তার দাবি করেছেন তিনি।
সোনাগাজী উপজেলার চরচান্দিয়া এলাকায় সোমবার দুপুরে নিজ বাড়িতে রায়
পরবর্তী প্রতিক্রিয়ায় এমন কথা বলেন নুসরাতের মা।
শিরিন আক্তার বলেন, নুসরাত হত্যাকাণ্ডের পর এ ঘটনাকে অনেকে আত্মহত্যা
বলে প্রচার করেছিল। কিন্তু আজ এই রায়ের মধ্য দিয়ে এটি হত্যাকাণ্ড হিসেবে আবারও প্রমাণিত
হলো। আমি এ রায়ে সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ।
তিনি বলেন, বাড়িঘরে আগুন দিয়ে আমাদের শেষ করে দেওয়ার হুমকি দেওয়া
হচ্ছে। প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের প্রতি আমাদের পরিবারের নিরাপত্তা চাই।
বহুল আলোচিত এই মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের
ওপর শুনানি নিয়ে দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। যাদের মৃত্যুদণ্ড বহাল
রাখা হয়েছে তারা হলেন- সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ
সিরাজ উদদৌলা এবং শাহাদাত হোসেন শামীম।
এছাড়া ১০ আসামিকে খালাস ও চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন
হাইকোর্ট।
যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া চার আসামি হলেন- উম্মে সুলতানা পপি, মোহাম্মদ
নুরুদ্দিন, শাহাদাত হোসেন জাবেদ এবং ইফতেখার হোসেন রানা।
খালাস পাওয়া ১০ আসামি হলেনÑ মোহাম্মদ শামীম, রুহুল আমিন, আফসার উদ্দিন,
মাকসুদ কাউন্সিলর, হাফেজ আব্দুল কাদের, আব্দুর রহিম শরীফ, ইমরান হোসেন মামুন, মহিউদ্দিন
শাকিল এবং কামরুন নাহার মনি।
বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার
হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। সোয়া দুই ঘণ্টাব্যাপী এ রায় ঘোষণা করা হয়। বেঞ্চের
কনিষ্ঠ বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা পুরো রায় পড়ে শোনান। রায় ঘোষণার সময়
আদালতের এজলাস কক্ষে আসামি ও ভুক্তভোগীর আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন। গত ২০ আগস্ট নুসরাত
হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর শুনানি শেষ হয়।
এর আগে, নুসরাত জাহান রাফি হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স,
আপিল ও জেল আপিলের ওপর শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষ পেপারবুক থেকে উপস্থাপনের মধ্য
দিয়ে এ শুনানি শুরু করে।
চাঞ্চল্যকর মামলা হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে ডেথ রেফারেন্সের জন্য
পেপারবুক তৈরি করা হয়। আসামিরাও পৃথক আপিল ও জেল আপিল করেন।