× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশাল থেকে সারা দেশে বাস চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ ১৫:৪১ পিএম

আপডেট : ২৪ আগস্ট ২০২৬ ১৫:৪১ পিএম

বরিশালে বাস শ্রমিকরা ধর্মঘট করায় বিপাকে পড়েন যাত্রীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশালে বাস শ্রমিকরা ধর্মঘট করায় বিপাকে পড়েন যাত্রীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবিতে বরিশাল থেকে ঢাকাসহ সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন বাস শ্রমিকেরা।

সোমবার দুপুর পৌনে দুইটার দিকে এ ধর্মঘট শুরু হয়। এতে বরিশালের কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটের বাস চলাচল বন্ধ হয়ে যায়।

হঠাৎ বাস চলাচল বন্ধ হওয়ায় নথুল্লাবাদ বাস টার্মিনালে আটকা পড়েছেন অনেক যাত্রী। কেউ বাসের অপেক্ষায় টার্মিনালে বসে আছেন, আবার দূরপাল্লার বাসে ওঠা যাত্রীরাও পড়েছেন ভোগান্তিতে।

বাস শ্রমিক ও মালিকদের সঙ্গে থ্রি-হুইলার মাহিন্দ্রার চালক-মালিকদের বিরোধ দীর্ঘদিনের। বরিশাল থেকে অভ্যন্তরীণ বিভিন্ন রুটে মহাসড়কে থ্রি-হুইলার চলাচল নিয়ে দুই পক্ষের মধ্যে প্রায়ই উত্তেজনা দেখা দেয়।

এরই জেরে সোমবার সকালে বানারীপাড়া উপজেলার শিমুলতলা এলাকায় বাসে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বাস শ্রমিকদের সঙ্গে মাহিন্দ্রাচালকদের বিরোধ হয়। পরে ওই রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

বাস শ্রমিকদের অভিযোগ, শিমুলতলা এলাকায় মাহিন্দ্রাচালকেরা একত্র হয়ে বাস শ্রমিকদের সাথে খারাপ ব্যবহার করে। এরপর বানারীপাড়ার দিকে যাওয়া অন্য বাসেও একই ঘটনা ঘটে। এর প্রতিবাদে প্রথমে বরিশাল থেকে অভ্যন্তরীণ ১৪টি রুটে বাস চলাচল বন্ধ করা হয়। পরে দূরপাল্লার বাসও বন্ধ করে দেন শ্রমিকেরা।

বাসচালক আমজাদ বলেন, মহাসড়কে থ্রি-হুইলার চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু এরপরও এসব যানবাহন মহাসড়কে চলাচল করছে। তার অভিযোগ, পুলিশের সামনে দিয়ে থ্রি-হুইলার চলাচল করলেও ব্যবস্থা নেওয়া হয় না।

এসব যানবাহনের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলেও দাবি করেন তিনি। মহাসড়ক থেকে থ্রি-হুইলার সরানো না হলে আন্দোলন চলবে বলে জানান তিনি।

বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মোশাররফ হোসেন বলেন, “বানারীপাড়ায় মাহিন্দ্রাচালকেরা সড়ক আটকে বাস শ্রমিকদের সঙ্গে ঝামেলা শুরু করেন। শ্রমিকেরা প্রথমে কোনো প্রতিক্রিয়া দেখাননি। পরে পরিস্থিতির কারণে দুপুরে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।”

তবে এ বিষয়ে থ্রি-হুইলার মাহিন্দ্রার চালক বা মালিকদের বক্তব্য পাওয়া যায়নি।

বরিশাল মহানগরের এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, “দুই পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হচ্ছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নথুল্লাবাদ বাস টার্মিনালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা