রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও স্ত্রী-সন্তানসহ চারজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই যুবক আদালতে স্বীকরোক্তিমূলক জবানবন্দি দেয়। ছবি: ভিডিও থেকে
মাদকসেবনে বাধা দেওয়ায় রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও স্ত্রী-সন্তানসহ চারজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই যুবক আদালতে স্বীকরোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক এস এম রফিকুল ইসলাম রবিবার রাতে অভিযুক্ত দুই আসামির জবানবন্দী গ্রহণ শেষে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জি।
তিনি বলেন, “অবসরপ্রাপ্ত শিক্ষকসহ চার হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ ও মুগ্ধকে রাতে আদালতে তোলা হলে তারা বিজ্ঞ বিচারকের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। জবানবন্দি শেষে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।”
রংপুর নগরীর মাছুয়াপাড়ার বাসিন্দা রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীর বাড়িতে তার স্বজনরা সাড়াশব্দ না পাওয়ায় শনিবার সন্ধ্যায় পুলিশে খবর দেয়।
রাত সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে বাড়ির তালা ভেঙে চিলেকোঠায় গণপতি চক্রবর্তী (৬৫), সিঁড়িতে স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫২) ও মেয়ে আগামী চক্রবর্তী (২৫) এবং দোতলায় শোবার ঘরে রংপুর জিলা স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ দেখতে পায় পুলিশ।
এমন মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় রংপুরসহ দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে।
এ ঘটনায় রবিবার ভোরে পুলিশ মাছুয়াপাড়া এলাকার কানুদাসের ছেলে, সিটি বাজারে মাছের দোকান কর্মচারী মুগ্ধ দাস (২৩) ও বিনয় চন্দ্র দাসের ছেলে, স্বর্ণের দোকানে কারিগর সিদ্ধার্থ দাসকে (১৯) গ্রেপ্তার করে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।