ঘটনাস্থল থেকে এক জোড়া জুতা ও একটি স্মার্টফোন উদ্ধার করে পুলিশ। ছবি: ভিডিও থেকে
বগুড়ায় সাইফুল ইসলাম (৫০) নামের সাবেক এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সদর উপজেলার আশোকোলা পূর্বপাড়া (বাঘোপাড়া) এলাকায় রবিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম ওই গ্রামের মৃত আবেদ আলী মন্ডলের ছেলে। তিনি নুনগোলা ইউনিয়ন পরিষদের দুইবারের সাবেক সদস্য ছিলেন। পেশায় তিনি খামারি ছিলেন।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে বাঘোপাড়া বাজার থেকে এক নাতিকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন সাইফুল ইসলাম। বাড়ির কাছাকাছি পৌঁছালে তিন যুবক তার পথরোধ করেন। এ সময় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে ওই যুবকেরা রামদা দিয়ে সাইফুলকে এলোপাতাড়ি কোপান। পরে তাকে রক্তাক্ত অবস্থায় পাশের একটি জমিতে ফেলে রেখে পালিয়ে যান।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ওসি ইব্রাহীম আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। ঘটনাস্থল থেকে এক জোড়া জুতা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি বলেন, “হত্যাকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্তে পুলিশের একাধিক দল কাজ করছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”