ফেনী প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ ২২:৩৫ পিএম
ফেনীর সোনাগাজী পৌর শহরের নুসরাতের বাড়িতে পুলিশ মোতায়েন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দেশের আলোচিত নুসরাত হত্যা মামলার আপিল ও ডেথ রেফারেন্সের রায় ঘোষণা হবে আগামীকাল সোমবার। মামলার গুরুত্বপূর্ণ এ রায়কে ঘিরে ফেনীর সোনাগাজী পৌর শহরের নুসরাতের বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল হাশিম রবিবার এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “আমি নুসরাতের বাড়িতে গিয়েছি, পরিবারের সঙ্গে কথা বলেছি। নুসরাত পরিবারের নিরাপত্তায় পুলিশ সতর্ক রয়েছে”।
নুসরাত হত্যা মামলার বাদী ও নুসরাতের বড় ভাই মাহমুদ হাসান নোমান বলেন, “উচ্চ আদালতের রায়কে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা ভাবে আমাদেরকে হেয় প্রতিপন্ন করছে একটি মহল। আমরা ন্যায় বিচার প্রার্থনা করছি”।
এর আগে, শুনানি শেষে গত বৃহস্পতিবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাই কোর্ট বেঞ্চ রায়ের দিন ধার্য করেন।
শ্লীলতাহানির প্রতিবাদ করায় ২০১৯ সালের ৬ এপ্রিল সোনাগাজী ফাজিল মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে নুসরাত জাহান রাফির গায়ে আগুন দেয় দুর্বৃত্তরা। ৯ এপ্রিল রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যায় রাফি।
হত্যাকাণ্ডের সাত মাসের মধ্যে ২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশীদ আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজুদ্দৌলাসহ ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি ১ লাখ টাকা করে জরিমানা করা হয়। পরে আসামিপক্ষ উচ্চ আদালতে সাজার বিরুদ্ধে আপিল করেন। পরে আসামিপক্ষ উচ্চ আদালতে সাজার বিরুদ্ধে আপিল করেন।
অগ্রাধিকার ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার ডেথ রেফারেন্স, আপিল ও বিবিধ বিষয় শুনানি ও নিষ্পত্তির জন্য গত ১০ জুন হাই কোর্টের এই বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
১৪ জুন বেঞ্চের কার্যক্রম শুরু হয়। সাত বছর আগের এ হত্যা মামলার শুনানি শুরু হয় ২৮ জুলাই। টানা ১৭ কার্যদিবস শুনানি শেষে বৃহস্পতিবার রায়ের জন্য দিন ধার্য করা হয়। আদালতে আসামিপক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান, মোহাম্মদ তাজুল ইসলাম ও মুহাম্মদ শিশির মনির।
রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজলের নেতৃত্বে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির এবং দুই সহকারী অ্যাটর্নি জেনারেল আশরাফুল আলম ও মাহবুবা তাসনিম আখি।
আদালতের আদেশের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির বলেন, ১৬ জন আসামির আইনজীবীরা তাদের বক্তব্য উপস্থাপন করার পর গত বুধবার প্রথমার্ধে আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধ থেকে রাষ্ট্রপক্ষ চূড়ান্ত বক্তব্য দেওয়া শুরু করে, যা বৃহস্পতিবার শেষ হয়।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির বলেন, “এখন ন্যায়বিচারের দায়ভার আদালতের ওপর। আসামিপক্ষ এ দেশের নাগরিক, ভিকটিমও এ দেশের নাগরিক। আমরা চাই না কোনো নিরপরাধ ব্যক্তির সাজা হোক”।
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, “ফৌজদারি বিচার ব্যবস্থায় কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হলে তাকে সাজা দেওয়া ঠিক নয়”।