× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধে ফের ভাঙন, ২০ গ্রাম প্লাবিত

হবিগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ ২০:৫৬ পিএম

হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর বাঁধ ভেঙে যাওয়ায় আতঙ্কে রয়েছে নদী তীরবর্তী বাসিন্দারা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর বাঁধ ভেঙে যাওয়ায় আতঙ্কে রয়েছে নদী তীরবর্তী বাসিন্দারা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর বাঁধে আবারও ভাঙন দেখা দিয়েছে। দেড় মাসের ব্যবধানে একই স্থানে নতুন করে বাঁধ ভেঙে যাওয়ায় আতঙ্কে রয়েছে নদী তীরবর্তী বাসিন্দারা। ভাঙন দিয়ে প্রবল স্রোতে পানি লোকালয়ে ঢুকে পড়ায় রবিবার বিকাল পর্যন্ত অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়েছে।

এতে বসতবাড়ি, ফসলি জমি, মাছের খামার ও গ্রামীণ সড়ক তলিয়ে গেছে। পরিবার নিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন এসব গ্রামের বাসিন্দারা। পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় বিভিন্ন এলাকায় যোগাযোগব্যবস্থা ব্যাহত হচ্ছে।

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারতের চাকমাঘাট ব্যারাজ খুলে দেওয়ার কারণে গতকাল ভোর থেকে খোয়াই নদীর পানি দ্রুত বাড়তে থাকে। দুপুরে চুনারুঘাটের বাল্লা পয়েন্টে নদীর পানি বিপদসীমার ১৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলে কালীগঞ্জ বাঁধের অংশটি দ্বিতীয় দফায় ভেঙে যায়। মুহূর্তেই ভাঙন দিয়ে তীব্র স্রোতে পানি আশপাশের এলাকায় ছড়িয়ে পড়তে শুরু করে।

ভাঙনের পর দ্রুতগতিতে পানি ঢুকে পড়ায় নদী তীরবর্তী মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘরবাড়ির প্রয়োজনীয় মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পাশাপাশি গবাদিপশু অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। হঠাৎ পানি ঢুকে পড়ায় অনেক পরিবার পড়েছে চরম দুর্ভোগে।

এদিকে পানিতে হবিগঞ্জ-মিরপুর সড়কের বিভিন্ন অংশ তলিয়ে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। সড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। অনেক যাত্রীকে ঝুঁকি নিয়ে কোমর সমান পানি পেরিয়ে হেঁটে যেতে দেখা গেছে। স্থানীয়দের আশঙ্কা, পানি আরও বাড়লে সড়কটির আরও বড় অংশ তলিয়ে গিয়ে যোগাযোগব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।

এর আগে গত ৯ জুলাই রাতে একই বাঁধে ভাঙন দেখা দিলে সদর উপজেলার ৩০টি গ্রাম প্লাবিত হয়। এতে ওই এলাকায় শতকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। পরে পানি উন্নয়ন বোর্ড বাঁধটি মেরামতের উদ্যোগ নেয়। তবে স্থানীয়দের অভিযোগ, প্রথম দফার ভাঙনের পর বাঁধ মেরামতের কাজে দীর্ঘসূত্রতা দেখা দেয়। প্রয়োজনীয় সময়ের মধ্যে কাজ শেষ না করায় বাঁধটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এরই মধ্যে নদীর পানি বিপদসীমার অনেক ওপরে উঠে যাওয়ায় বাঁধের দুর্বল অংশটি ফের ভেঙে গেছে।

কালীগঞ্জের বাসিন্দা মখলিছ মিয়া বলেন, আগেরবার বাঁধ ভাঙার পর ভেবেছিলাম স্থায়ীভাবে সমস্যার সমাধান হবে। কিন্তু মেরামতের কাজ যেভাবে হয়েছে, তাতে আশঙ্কা ছিল আবারও ভাঙন দেখা দিতে পারে, শেষ পর্যন্ত সেটিই হলো। তিনি আরও বলেন, হাজার হাজার মানুষের দুর্ভোগের জন্য পানি উন্নয়ন বোর্ড ও বাঁধ মেরামতের কাজে সংশ্লিষ্টরা দায়ী।

সুঘর এলাকার বাসিন্দা আফজাল হোসেন বলেন, বাঁধ মেরামত কাজের খুবই ধীর গতি ছিল। এ ছাড়া স্থানীয়ভাবে বিভিন্ন অনিয়মের অভিযোগও উঠেছিল। বাঁধটি টেকসইভাবে সংস্কার করা হলে একই জায়গায় এত অল্প সময়ের মধ্যে আবার ভাঙন দেখা দিত না। তিনি আরও বলেন, আগের বার বাঁধ ভাঙার কারণে যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে ওঠার জন্য কৃষকরা আবারও রুপা-আমনসহ বিভিন্ন সবজি চাষ করেছিল। কিন্তু আবারও সবকিছু তলিয়ে গেছে, এ এলাকার কৃষকরা আর ঘুরে দাঁড়াতে পারবে না।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাইদুর রহমান বলেন, ভারতের ত্রিপুরায় প্রচুর বৃষ্টিপাতের কারণে উচ্চ বেগে পানি প্রবেশ করায় খোয়াই নদীতে হঠাৎ করে পানি বেড়ে যায়। এর ফলে নদীর পানি বাল্লা পয়েন্টে বিপদসীমার ১৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যে কারণে বাঁধটি আবারও ভেঙে গেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত ভাঙনকবলিত অংশ মেরামতের উদ্যোগ নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা