খাগড়াছড়ি প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ ২০:৫০ পিএম
খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘অধিকার ও প্রয়োজন’ বিষয়ক ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কুষ্ঠ আক্রান্ত ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার, প্রয়োজন এবং সেবা পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান বাস্তবতা সম্পর্কে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সচেতন করতে খাগড়াছড়িতে ‘অধিকার ও প্রয়োজন’ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘Orientation on the Rights and Needs’ শীর্ষক এ ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়। এতে জেলা সিভিল সার্জন ডা. রতন খীসা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু আবদুল্লাহ মো. ওয়ালী উল্লাহ, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা উথান চৌধুরীসহ বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও উপকারভোগীরা অংশ নেন।
আয়োজকরা জানান, সংশ্লিষ্ট জনগোষ্ঠীর অধিকার ও প্রয়োজন সম্পর্কে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সুস্পষ্ট ধারণা তৈরি এবং সেই অনুযায়ী আরও কার্যকর, সমন্বিত ও অধিকারভিত্তিক সেবা নিশ্চিত করাই এ ওরিয়েন্টেশনের মূল লক্ষ্য।
কর্মশালায় প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন লেপ্রসি কন্ট্রোল অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রজেক্ট ও দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনালÑ সিএইচটি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক পরশ চাকমা। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সিএইচটি লেপ্রসি কন্ট্রোল অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রজেক্ট ও দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ, খাগড়াছড়ির সমন্বয়কারী বীর মোহন ত্রিপুরা।
আলোচনায় বক্তারা বলেন, একসময় সমাজে কুষ্ঠরোগকে ভয়াবহ অভিশাপ হিসেবে দেখা হতো। আক্রান্ত ব্যক্তিকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে গ্রামের বাইরে কিংবা পাহাড়ের নির্জন কোণে ছোট ঘরে বসবাস করতে বাধ্য করা হতো। কুষ্ঠ হলে জীবন শেষÑ এমন ভ্রান্ত ধারণার কারণে আক্রান্ত ব্যক্তিরা চিকিৎসার পাশাপাশি সামাজিক বৈষম্য ও নানা ধরনের মানসিক যন্ত্রণার শিকার হতেন।