মাজেদুল ইসলাম, কসবা (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ ২০:৪৭ পিএম
প্রতিদিন সাঁকো দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে কসবা পৌরসভার শত শত মানুষ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বর্ষার পানিতে ফুলে-ফেঁপে উঠা ছোট্ট নদী বিজনা। সেই নদীর ওপর বাঁশ দিয়ে তৈরি সরু একটি সাঁকো। প্রতিদিন এই সাঁকো দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে কসবা পৌরসভার শত শত মানুষ। প্রায় তিন যুগ ধরে এই সাঁকোই তাদের যাতায়াতের একমাত্র ভরসা। স্থানীয়দের কাছে আড়াই বাড়ির এই জনবসতিটি ‘গাঙের পাড়’ নামে পরিচিত।
গাঙের পাড়ের শিশু, বৃদ্ধ, মহিলা, অসুস্থ রোগীসহ নানা বয়সী শত শত মানুষ প্রতিদিন পারাপার হচ্ছেন এই সাঁকো দিয়ে। কারও হাতে বাজারের ব্যাগ, কারও মাথায় কৃষিপণ্যের বোঝা। কেউবা স্কুলের পোশাক পরে বইয়ের ব্যাগ পিঠে নিয়ে ঝুঁকিপূর্ণ এই সাঁকো পেরিয়ে যাচ্ছে। গাঙের পাড়ের মানুষের কাছে এটাই যেন প্রতিদিনের বাস্তবতা।
এই সাঁকো দিয়েই তাদের কসবা উপজেলা সদরে অথবা পার্শ্ববর্তী গ্রামে যেতে হয়। এটিই যোগাযোগের একমাত্র মাধ্যম। প্রায় তিন যুগ হয়ে গেলেও বিজনা নদীর ওপর এই জনবসতির পারাপারের জন্য নির্মিত হয়নি কোনো স্থায়ী সেতু। আড়াইবাড়ির গাঙের পাড় ও গুরুহিত গ্রামের মাঝখানে থাকা বিজনা নদী পার হতে, তাদের একমাত্র ভরসা এই বাঁশের তৈরি সাঁকো।
স্থানীয়দের অভিযোগ, এ পর্যন্ত দুইবার উপজেলা প্রকৌশলী বরাবর সেতু নির্মাণের আবেদন করা হলেও এখনও কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি।
তাদের দাবি, প্রতিটি নির্বাচনের আগে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা এলাকায় এসে সেতু নির্মাণের আশ্বাস দেন। কিন্তু নির্বাচন শেষ হলে সেই প্রতিশ্রুতি আর বাস্তবে রূপ নেয় না।
গাঙের পাড়ের বাসিন্দা এরশাদ মিয়া বলেন, ‘এখানে প্রায় ৫০টি পরিবারে দুই শতাধিক মানুষের বসবাস। আমরা প্রায় ৩০ বছর ধরে এই সাঁকো দিয়ে যাতায়াত করছি। স্কুল-মাদ্রাসায় পড়ুয়া শিশুদের সবচেয়ে বেশি কষ্ট হয়। বৃষ্টি হলে নদীতে পানির স্রোত বেড়ে যায়। তখন সাঁকো পার হতে গিয়ে কেউ পড়ে গেলে স্রোতে ভেসে যাওয়ার আশঙ্কা থাকে। এরকম দু-একটি দুর্ঘটনাও এখানে ঘটেছে।’
তিনি আরও বলেন, ‘আজ থেকে প্রায় চার বছর আগে এখানে একটি সেতু নির্মাণের কথা হয়েছিল। কিন্তু এখনও সেটি হয়নি। আমরা পুনরায় আবেদন করেছি। নেতারা ভোটের সময় এসে শুধু ভোট দিতে বলেন, কিন্তু ভোটের পর আর কাউকে খুঁজে পাওয়া যায় না। আমরা চাই, দ্রুত এখানে একটি সেতু নির্মাণ করে আমাদের দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি দেওয়া হোক।’
গাঙের পাড়ের বাসিন্দা শাহআলম বলেন, ‘এখানে অনেক মা-বোন আছেন, যাদের ছোট বাচ্চা নিয়ে এই সাঁকো দিয়ে পারাপার হতে হয়। ঝুঁকি থাকলেও বাধ্য হয়েই তাদের সাঁকো পার হতে হয়। আমরা সরকারের কাছে আবেদন করেছি, কিন্তু এখনও কোনো ফল পাইনি। কিছুদিন পরপর সংশ্লিষ্টরা এসে পরিদর্শন করেন, ছবি তোলেন, এরপর চলে যান। কিন্তু স্থায়ী সমাধান হচ্ছে না।’
আড়াইবাড়ি গ্রামের বাসিন্দা জাকির হোসেন বলেন, ‘গাঙের পাড়ের মানুষের পারাপারের জন্য চার-পাঁচ বছর আগে একটি আবেদন করা হয়েছিল। সংশ্লিষ্টরা এসে জায়গাটি পরিদর্শন করে মাটিও পরীক্ষা করে গেছেন। পরবর্তীতে উপজেলা প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করলে তিনি আবেদনটি গ্রহণ করেননি।
পরবর্তীতে চলতি বছরের (২০২৬) ১৬ই মার্চে আমরা পুনরায় আবেদন করি। আবেদন করার পর থেকে আজ পর্যন্ত এর কোনো দৃশ্যমান অগ্রগতি দেখতে পাইনি।’
কসবা উপজেলা নির্বাহী অফিসার ছামিউল ইসলাম বলেন, পূর্ব এলাকায় উল্লিখিত স্থানে যদি কোনো সাঁকো থেকে থাকে এবং লোকজনের চলাচলে যদি কোনো কষ্ট হয়ে থাকে তাহলে উপজেলা ও পৌরসভার ইঞ্জিনিয়ারকে সাথে নিয়ে সেখানে অতি দ্রুত পরিদর্শন করব। যদি সেখানে ব্রিজ প্রয়োজন হয়, আমরা সেটির ব্যবস্থা করব।