লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ ২০:১৪ পিএম
লোহাগাড়া উপজেলার দরবেশহাট-ডিসি সড়কের বেহাল দশা। দীর্ঘদিন ধরে এটি সংস্কার না করায় সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
লোহাগাড়া উপজেলার দরবেশহাট-ডিসি সড়কের বেহাল দশা। দীর্ঘদিন ধরে এটি সংস্কার না করায় সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ। বৃষ্টির পানিতে এর বিভিন্ন অংশ ভয়াবহ রূপ নেয়। এতে শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী ও যানবাহন চালকসহ সবাইকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
দরবেশহাট বাজার থেকে হাসনা ভিটা পর্যন্ত পুরো সড়কের পিচ উঠে গেছে। সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে জমে যায় পানি। পরিণত হয় ছোট ছোট জলাশয়ে। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছে পথচারী ও যানবাহন।
সড়কটির বেহাল অবস্থায় প্রত্যন্ত অঞ্চল থেকে হাসপাতালে যাতায়াতও কঠিন হয়ে পড়েছে। অ্যাম্বুলেন্স, সিএনজি অটোরিকশা কিংবা অন্যান্য যানবাহনে রোগী পরিবহন করতে গিয়ে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, সড়কের অতিরিক্ত ঝাঁকুনির কারণে গর্ভবতী নারী ও গুরুতর অসুস্থ রোগীদের নিয়ে যাতায়াত অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠেছে।
স্থানীয় সিএনজি চালকরা বলেন, এই রাস্তায় একবার গাড়ি চালালেই সিএনজির অনেক নাট-বল্টু আলগা হয়ে যায়। দিনশেষে গাড়ি নিয়ে গ্যারেজে ছুটতে হয়। শুধু গাড়ির যন্ত্রাংশ নয়, যাত্রী ও চালকদেরও কোমরের অবস্থা খারাপ হয়ে যায়।
অনেক যাত্রী বাধ্য হয়ে নির্দিষ্ট গন্তব্যের আগেই গাড়ি থেকে নেমে কাদা-পানি মাড়িয়ে হেঁটে পথ পাড়ি দিচ্ছেন।
প্রতিদিন স্কুল, কলেজ ও মাদ্রাসার শত শত শিক্ষার্থী এ সড়ক দিয়ে যাতায়াত করে। কিন্তু সড়কের খানাখন্দে জমে থাকা নোংরা পানি দ্রুতগতির যানবাহনের চাকায় ছিটকে শিক্ষার্থীদের পোশাক নষ্ট করছে।
শিক্ষার্থীদের অভিযোগ, অনেক সময় শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছানোর আগেই পোশাক কাদা-পানিতে নষ্ট হয়ে যায়। এতে বিব্রত হয়ে কেউ কেউ বাড়ি ফিরে যেতে বাধ্য হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, ভারী যানবাহনের চাপে ভেঙে পড়েছে সড়ক। দীর্ঘদিন ধরে অতিরিক্ত ওজনের কাঠ, বাঁশ ও বালুবাহী ট্রাক চলাচল করায় এটির অবস্থা নাজুক। ধারণক্ষমতার অতিরিক্ত বোঝাইÑ এসব ভারী যানবাহনের অবাধ চলাচল এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে সড়কের ভিত্তি দুর্বল হয়ে পড়েছে।
স্থানীয় মোহাম্মদ এনায়েত উল্লাহ বলেন, বছরের পর বছর ধরে আমরা একই তামাশা দেখছি। সড়কের বেহাল দশার কারণে ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই সঙ্গে মানুষের স্বাভাবিক চলাচলেও বিঘ্ন ঘটছে। অথচ দীর্ঘদিনেও কার্যকর ব্যবস্থা দেখা যায়নি।
পুটিবিলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইকবাল বলেন, সড়কটির বর্তমান অবস্থা অত্যন্ত নাজুক। প্রতিদিন হাজারও মানুষ ঝুঁকি নিয়ে এ সড়কে চলাচল করছেন। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।
লোহাগাড়া উপজেলা এলজিইডির প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ সড়কটির পরিস্থিতি মারাত্মক নাজুক বলে স্বীকার করেন। তিনি জানান, উপজেলা ইউএনওর নির্দেশনায় সড়কটির সংস্কার কাজ শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে স্থানীয়দের প্রশ্ন আশ্বাস কি এবার বাস্তবে রূপ নেবে? নাকি বরাবরের মতো কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকবে সংস্কারের প্রতিশ্রুতি?
স্থানীয়দের দাবি, দ্রুত সড়কটির ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের পাশাপাশি অতিরিক্ত বোঝাই যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হোক। একই সঙ্গে সড়কটির দীর্ঘমেয়াদি টেকসই সংস্কারের উদ্যোগ নেওয়া হলে তবেই মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।