ঝালকাঠি প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ ২০:০৮ পিএম
কাঁঠালিয়ায় ব্যবসায়ীসহ ২ ছেলেকে কুপিয়ে আহতের ঘটনায় এক ঘণ্টা দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে কচুয়া বাজার ব্যবসায়ীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কাঁঠালিয়া উপজেলার কচুয়া বাজারে অন্য দোকান থেকে গত শুক্রবার সিগারেট এনে না দেওয়ায় ব্যবসায়ী সমীর চক্রবর্তী ও তার দুই ছেলেকে কুপিয়ে আহত করেছে রাজা ফকির নামে এক ব্যক্তি।
এ ঘটনায় হামলাকারীর শাস্তির দাবিতে এক ঘণ্টা দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে কচুয়া বাজার ব্যবসায়ীরা।
রবিবার বেলা ১১টায় কচুয়া বাজারের রাজাপুর-কাঁঠালিয়া প্রধান সড়কে ব্যবসায়ী ও এলাকাবাসীর আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য রাখেনÑ বাজার সমিতির সভাপতি মোস্তফা হেলাল কিরণ, সাধারণ সম্পাদক মো. রিপন, উপজেলা হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের নেতা তপন কুমার হালদার, ব্যবসায়ী মনিরুল ইসলাম, জাকির হোসেন, সুমন চন্দ্র দাস, রিনা রানী। সেফালী রানী প্রমুখ।
বক্তারা সন্ত্রাসী রাজা ফকিকের শাস্তি ও ব্যবসায়ীদের নিরাপত্তার জোর দাবি জানান। আহত ব্যবসায়ী সমীর চক্রবর্তীর স্ত্রী রীনা রানী বাদী হয়ে গতকাল বিকালে রাজা ফকিরসহ দুইজনকে আসামি করে কাঁঠালিয়া থানায় মামলা দায়ের করেছেন।