হাবিবুর রহমান হাবীব, রাজারহাট (কুড়িগ্রাম)
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ ১৭:৩১ পিএম
কাঁচি, খুর কিংবা চিরুনির বদলে ৩৫ বছর ধরে শুধু ব্লেড দিয়েই চুল কাটেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার আবেদ তেলি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কাঁচি নেই, চিরুনি নেই, নেই আধুনিক কোনো সরঞ্জাম। ডান হাতে একটি ব্লেড আর বাম হাতের বৃদ্ধাঙ্গুলকে চিরুনির মতো ব্যবহার করেই প্রায় ৩৫ বছর ধরে মানুষের চুল কেটে আসছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রনজিতেশ্বর গ্রামের আবেদ তেলি। তবে এই কাজের বিনিময়ে কারও কাছ থেকে নেন না কোনো পারিশ্রমিক।
অভাবী মানুষের চুল কাটার এই ব্যতিক্রমী উদ্যোগের কারণে এলাকায় পরিচিত হয়ে উঠেছেন আবেদ। প্রতিদিন গড়ে ১০ থেকে ১২ জনের চুল কাটেন তিনি। বিশেষ করে অর্থের অভাবে যারা নিয়মিত চুল কাটাতে পারেন না, তাদের অনেকেই ভরসা করেন তার ওপর।
রনজিতেশ্বর গ্রামের আবেদ তেলির জীবন চলে ছোট একটি দোকানের আয় দিয়ে। পাশাপাশি সাইকেলে করে বিভিন্ন এলাকায় ঘুরে ফলগাছে ওষুধ দেওয়ার কাজও করেন। নিজের আর্থিক টানাপোড়েন থাকলেও দীর্ঘদিন ধরে মানুষের জন্য বিনা পারিশ্রমিকে সময় দিয়ে যাচ্ছেন তিনি।
আবেদের চুল কাটার পদ্ধতিও বেশ ব্যতিক্রমী। কাঁচি, খুর কিংবা চিরুনির বদলে শুধু একটি ব্লেড দিয়েই চুল কাটেন তিনি। ডান হাতে ব্লেড চালানোর সময় বাম হাতের বৃদ্ধাঙ্গুলকে চিরুনির মতো ব্যবহার করেন। দীর্ঘদিনের অভিজ্ঞতায় এই পদ্ধতিতে বেশ দক্ষ হয়ে উঠেছেন তিনি। কেউ নিজের পছন্দের ধরন বলে দিলে সেভাবেই চুল কেটে দেন।
“ছেলে-পেলে আসে, আমাকে বলে ভালো করে কেটে দেন। যে যেভাবে চায়, আমি সেভাবেই তাকে দিয়ে দেই। অনেক খুশি হয়ে যায়”, বলেন আবেদ তেলি।
প্রায় ৩৫ বছর আগে এক শিশুকে দেখে আবেদের এই কাজের শুরু। সেই স্মৃতিচারণ করে তিনি বলেন, “এক ছেলে স্কুলে গেইছে। তার মাস্টার চুল ধরি টান দিয়েছে। সে কাঁদতে কাঁদতে বাড়ি চলি আসছে। বললাম, বাবা কাদিস কেন? সে বলল, আমার চুল ধরি টানছে। বললাম, চুল কাটি নিতে পারোনা? বললো, আমার পয়সা নাই, আমার আব্বারও পয়সা নাই। সেদিন একটি ব্লেড নিয়ে আসি চুল কাটা আরম্ভ করি। সেদিন থেকেই আমার চুল কাটা শুরু”।
এরপর আর থামেননি আবেদ। গ্রামের অনেক দরিদ্র মানুষ অর্থের অভাবে সময়মতো চুল কাটাতে পারেন না। তাদের পাশে দাঁড়াতে বিনা পারিশ্রমিকে চুল কেটে যাচ্ছেন তিনি।

শুধু চুল কাটাই নয়, মানুষকে পরিচ্ছন্ন থাকার বিষয়েও সচেতন করেন আবেদ। কারও মাথায় বড় ও অপরিচ্ছন্ন চুল দেখলে নিজ থেকেই চুল কাটার পরামর্শ দেন। সময়মতো নখ কাটা এবং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার বিষয়েও মানুষকে উৎসাহিত করেন।
কেন কোনো পারিশ্রমিক না নিয়ে এত সময় ব্যয় করে এই কাজ করেন- জানতে চাইলে আবেদ তেলি বলেন, “অপরিষ্কার লোক দেখতে ভালো লাগে না। অপরিষ্কার চুল ঝাকড়া-পাকড়া কেমন দেখা যায়। পরিষ্কার-পরিচ্ছন্ন দেখলে আমার ভালো লাগে”।
আবেদের কাছে নিয়মিত চুল কাটান আহছান হাবীব হাসান। তিনি বলেন, “ছোটবেলা থেকেই টাকা ছাড়াই আবেদ দাদার কাছে চুল কাটাই”।
আরেকজন শাহ আলম সরকার বলেন, “টাকার অভাবে চুল কাটাতে না পারলে এটাই আমার শেষ ভরসা”।
স্থানীয় আইনজীবী অ্যাডভোকেট মোশাররফ হোসেন বলেন, “অভাবের মধ্যেও অন্যের উপকার করার যে মানসিকতা আবেদ তেলির রয়েছে, তা প্রশংসনীয়। সমাজে এমন উদ্যোগ আরও উৎসাহিত হওয়া প্রয়োজন”।
জেলা সমাজসেবা কার্যালয়, কুড়িগ্রামের সহকারী সমাজসেবা অফিসার ববিতা খাতুন বলেন, “নিজের সময় ও শ্রম দিয়ে মানুষের কল্যাণে কাজ করা নিঃসন্দেহে প্রশংসনীয়। আবেদ তেলির মতো মানুষের উদ্যোগ সমাজে পারস্পরিক সহযোগিতার মনোভাব বাড়াতে পারে”।
প্রায় চার দশক ধরে একটি ব্লেড হাতে মানুষের চুল কেটে যাচ্ছেন আবেদ তেলি। নিজের সামর্থ্য সীমিত হলেও মানুষের পরিচ্ছন্নতার কথা ভেবে বিনা পারিশ্রমিকে সময় দিচ্ছেন তিনি। রাজারহাটের নিভৃত গ্রামের এই মানুষটির ব্যতিক্রমী উদ্যোগ আজও অর্থের অভাবে চুল কাটাতে না পারা মানুষের জন্য হয়ে আছে নির্ভরতার জায়গা।