কক্সবাজার অফিস
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ ১৬:০৭ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৬ ১৬:০৮ পিএম
সৌদি আরব থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩১ ভরি স্বর্ণালংকারসহ শনিবার দুজনকে আটক করেছে কোস্ট গার্ড। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সৌদি আরব থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩১ ভরি সোনার গহনাসহ দুজনকে আটক করেছে কোস্ট গার্ড।
কক্সবাজার শহরের নতুন ফিশারি ঘাট এলাকা শনিবার সন্ধ্যায় থেকে তাদের আটক করা হয়।
কোস্ট গার্ডের কক্সবাজার স্টেশন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রবিবার দুপুরে এসব তথ্য জানান কোস্ট গার্ডের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন।
আটক ব্যক্তিরা হলেন—কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের ঘোনারপাড়া এলাকার মো. আজিম ও মো. ফারুক।
সংবাদ সম্মেলনে কোস্ট গার্ড জানায়, শনিবার সন্ধ্যায় তাদের কাছে খবর আসে যে একটি চক্র কক্সবাজার বিমানবন্দর দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে সোনার একটি চালান দেশে নিয়ে আসছে। এই তথ্যের ভিত্তিতে বিমানবন্দর সংলগ্ন এলাকায় নজরদারি বাড়ায় কোস্ট গার্ড। একপর্যায়ে শহরের নতুন ফিশারি ঘাট এলাকায় একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে থামার নির্দেশ দেওয়া হয়। আরোহীরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়।
আটকদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৩১ ভরি সোনার গহনা জব্দ করা হয়, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৭৫ লাখ টাকা। এছাড়া তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন, ৫ হাজার ৭৪২ টাকা, ১০ সৌদি রিয়াল ও তিনটি সৌদি এটিএম কার্ড জব্দ করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন যে এসব সোনা তারা সৌদি আরব থেকে এনেছেন। জব্দ করা সোনাসহ আটকদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলা করার প্রক্রিয়া চলছে।