স্বাস্থ্যসেবায় আসছে বড় পরিবর্তন
নওগাঁ প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ ১৫:০৪ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৬ ১৫:০৬ পিএম
নওগাঁ জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন বলেছেন, প্রত্যেকটা মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ এবং জেলা সদর হাসপাতালের জন্য ১০ শয্যা করে ডায়ালাইসিস প্রতিস্থাপন করা হবে।
এর ফলে টারশিয়ারি লেভেলে রোগীদের ঢাকায় যেতে না হবে না। জেলা পর্যায়ে ৬০টি ডায়ালাইসিস মেশিন থাকবে। আমরা আশা করি ৬০টি ডায়ালাইসিস মেশিন ডেইলি যদি ৩ রাউন্ডও করে, ১৮০টা রোগীকে ডায়ালাইসিস করতে পারবে। এটি স্থাপন করতে আমাদের আর ৩ মাসও সময় লাগবে না। মেশিনের জন্য টেন্ডারও হয়ে গেছে।
রবিবার দুপুর ১২ টার দিকে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
এর আগে ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি সকাল সাড়ে ১০টায় পরিদর্শনে এসে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, অপারেশন থিয়েটার, ফার্মেসী ও রান্নাঘর ঘুরে দেখে রোগীদের সঙ্গে কথা বলে অসন্তোষ প্রকাশ করেন।
হাসাপাতালে স্যালাইন মজুত থাকার পরেও রোগীকে বাইর থেকে কিনতে বলায় এক নার্সের প্রতি ক্ষোভ জানান স্বাস্থ্যমন্ত্রী। ওই সময়ে ওই রোগীকে বাইরে থেকে স্যালাইন কেনার টাকা ফেরত দেন তিনি।
টানা এক ঘণ্টা পরিদর্শন শেষে তত্ত্বাবধায়কের কার্যালয়ে গিয়ে অনুপস্থিত চিকিৎকদের মোবাইল নম্বরে কল করে ব্যাখ্যা চান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

পরে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, হাসপাতাল পরিদর্শনে গিয়ে অনিয়ম পাওয়া গেছে। এখানে স্যালাইন মজুত থাকার পরেও রোগীকে দেওয়া হচ্ছিল না। এছাড়া একজন চিকিৎসককে অনুপস্থিত পাওয়া গেছে। এসব বিষয় নিয়ে হাসপাতাল কর্তৃপকক্ষকে সতর্ক করা হয়েছে। তিনি আরও বলেন, আমরা আগামি দুই বছরের মধ্যে উপজেলা লেভেলে ১০টি করে ডায়ালাইসিস বেড স্থাপন করবো। ভবনের কাজ অলরেডি ডিপিপি হয়ে গেছে, টেন্ডারে চলে যাবে, ভবন হবে। শুধু ডায়ালাইসিস না, আমরা ৫০ থেকে প্রথম ১০১ শয্যা ঘোষণা করেছি। গত সপ্তাহে প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের সামনে আরও ভিশনকে বাড়াতে হবে, ৫০ বছরের চিন্তা করে করবো। আমরা এখন ১০১ থেকে ১৫১ শয্যার করছি। নতুনভাবে আবার ডিপিপি করে এটা একেবারেই টেন্ডার হয়ে যাবে। ১৫১ শয্যার মধ্যে ২৫টা সিট থাকবে মহিলাদের জন্য। মায়ের সেবার জন্য, যাতে মেয়েদের কষ্ট না হয়। ২০টা সিট আমাদের শিশুদের জন্য আলাদা থাকবে। ফিজিওথেরাপির জন্য একটা মহিলা ওয়ার্ড থাকবে, একটা পুরুষ ওয়ার্ড থাকবে। দুইজন ডাক্তার থাকবে, মহিলাদের মহিলারা ফিজিওথেরাপি দেবে, পুরুষদের পুরুষরা ফিজিওথেরাপি দেবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, অত্যাধুনিক প্যাথলজি ল্যাব তৈরি করা হবে। অত্যাধুনিক প্যাথলজি সেবা দেওয়া হবে। আল্ট্রাসাউন্ড মেশিন থেকে সব মেশিন দিয়ে এগুলোকরা হবে। খালি জায়গায় ৯ তলা ভবন হবে। আর যেটা আগে থেকে আছে, যদি ফাউন্ডেশন থাকে ভার্টিক্যালি উপরে উঠবে। এভাবে আমরা স্বাস্থ্যসেবাটাকে উপজেলা পর্যায়ে নিয়ে যাচ্ছি।
সারা দেশের হাসপাতালগুলোর জনবল সংকট নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে যে পরিমাণ মানুষ, তার জন্য ডাক্তার আছে কয়জন? কয়জন ডাক্তার নেওয়া হয়েছে? এখন আমরা ৫ হাজার ডাক্তার নিতে যাচ্ছি। সব ফরমালিটিজ শেষ হয়েছে। আড়াই হাজার নার্স এবং আড়াই হাজার ফার্মাসিস্ট নিতে যাচ্ছি। পিএসসিতে আরও ডাক্তারদের ইন্টারভিউ চলছে। আমরা আশা করি আগামি এক বছরের মধ্যে আশা করা যায় আমরা একদল ভালো ডাক্তার পাব। তখন ডাক্তারের অসুবিধাটা থাকবে না।

তিনি আরও বলেন, দেশে ব্যাঙের ছাতার মতন প্রাইভেট ক্লিনিক-হাসপাতাল গড়ে উঠেছে। আসলে এদের কোনো অ্যাকাউন্টেবিলিটি সৃষ্টি করা হয়নি, কারও কাছে তাদের জবাবদিহির ব্যবস্থা নেওয়া হয়নি। আমি যতখানি যাচ্ছি, দুই-একটা করে দেখছি, বন্ধ করছি, লাইসেন্স না থাকলে বন্ধ করছি। জেলা প্রশাসকরা সিভিল সার্জনদের নিয়ে ভ্রাম্যমাণ আদালাত পরিচালনা করছেন। জরিমানা করছেন। এখন অবশ্য তারা অনেকে সাবধান। আমাদের তো মাত্র ৬টা মাস হলো, আরেকটু সময় দেন। কারণ ১৮-২০টা বছর তো এ দেশে কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না। আপনারাও কথা বলতে পারতেন না। আজকে যেভাবে আমাকে প্রশ্ন করতে পারেন, আগে কিন্তু পারতেন না। আগে এমপি সাহেবরা এসে এইভাবে বসে দেখতেন না, মন্ত্রীরা আসতেন না। এমন একটা অবস্থা গেছে, যেখানে কারও কাছে জবাবদিহিতা ছিল না। আমরা শুরু করেছি, আমাদের প্রধানমন্ত্রীও অত্যন্ত সিরিয়াস। আশা করি আমরা এই স্বাস্থ্য খাতকে অনেক উন্নত করতে পারবো।
এ সময় নওগাঁ -৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁর জেলা প্রশাসক সাইফুল ইসলাম, ২৫০ শয্যা বিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.আ: ম: আখতারুজ্জামান, সিভিল সার্জন ডা. আমিনুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।