× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

করিমগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবক আটক

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ ১৪:১৫ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের বাগপাড়া গ্রামে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে সজল নামে এক যুবকের বিরুদ্ধে। 

অভিযোগের পর স্থানীয়ভাবে সালিশ বসিয়ে সজলকে ২০ হাজার টাকা জরিমানা ও এলাকাবাসীর কাছে ক্ষমা চাওয়ানো হয়। 

শনিবার রাতে এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে। পরে পুলিশ অভিযুক্ত যুবককে আটক করেছে। রবিবার দুপুরে করিমগঞ্জ থানার ওসি সোহেব খান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি বাগপাড়া গ্রামের একটি জঙ্গলে ওই কিশোরীকে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে জব্বার মিয়ার ছেলে সজলের বিরুদ্ধে। সেখানে কিশোরীর ওপর যৌন নিপীড়নের চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় কিশোরীর এক স্বজন ঘটনাটি দেখে ফেলেন এবং চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে সজলকে আটক করেন। পরে প্রায় আধা ঘণ্টা পর সজলের মেয়ের জামাই ঘটনাস্থলে এসে তাকে নিয়ে যান। পরে বিষয়টি নিয়ে স্থানীয় মুরুব্বি ও এলাকাবাসীর উদ্যোগে সালিশ বৈঠক বসে।

শুক্রবার অনুষ্ঠিত ওই সালিশে গ্রামের মুরুব্বি আনসার আলীকে সভাপতি করা হয়। সেখানে উপস্থিত ব্যক্তিদের বক্তব্য ও ঘটনার বিবরণ পর্যালোচনা করে সালিশকারীরা দাবি করেন, সজল ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেছিলেন। তবে এক স্বজন ঘটনাটি দেখে ফেলায় তা সম্ভব হয়নি বলে সালিশে উল্লেখ করা হয়। সালিশে সজলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং এলাকাবাসীর কাছে ক্ষমা চাওয়ানো হয়। তবে জরিমানার টাকা সালিশে পরিশোধ করা হয়নি। আগামী মঙ্গলবার বা বুধবারের মধ্যে ওই টাকা পরিশোধের কথা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কিশোরীর বাবা প্রায় ১০ বছর আগে মারা যান। এর প্রায় তিন বছর পর মারা যান তার মা। বাবা-মা হারা ওই কিশোরী বর্তমানে বড় বোনের কাছে থাকেন।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য জুনায়েদ তুর্য বলেন, তিনি সালিশে উপস্থিত ছিলেন। বিষয়টি জানার পর তিনি এলাকাবাসীকে নিজেদের মতো করে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন। তবে এভাবে সালিশ করার বিষয়টি তার ভালো লাগেনি বলেও জানান তিনি।

জাফরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাদাৎ মো. সায়েম বলেন, বিষয়টি তাকে কেউ জানাননি। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও দেখে তিনি ঘটনাটি জানতে পারেন। বর্তমান ওয়ার্ড সদস্য ও এলাকার কয়েকজন ব্যক্তি নিজেদের উদ্যোগে সালিশ করেছেন। ভুক্তভোগী পরিবার কিংবা ইউপি সদস্য-কেউই তাকে বিষয়টি জানাননি।

এদিকে, বিষয়টি পুলিশের নজরে আসার পর দ্রুত অভিযুক্ত যুবককে আটক করায় স্থানীয়দের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে। স্থানীয়দের ভাষ্য, এ ধরনের গুরুতর অভিযোগ স্থানীয় সালিশে মীমাংসার পরিবর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়া উচিত।

স্থানীয় বাসিন্দা আলাল হোসেন বলেন, এ ধরনের গুরুতর অভিযোগ কোনোভাবেই সালিশে মীমাংসার বিষয় নয়। পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে অভিযুক্তকে আটক করেছে, এতে আমরা সন্তুষ্ট। আমরা চাই, তদন্ত করে প্রকৃত ঘটনা বের করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।

আরেক স্থানীয় বাসিন্দা কামরুল ইসলাম পলাশ বলেন, ঘটনাটি জানার পর আমরা উদ্বিগ্ন ছিলাম। পরে পুলিশ অভিযুক্তকে আটক করেছে-এটি ভালো উদ্যোগ। বিশেষ করে একজন প্রতিবন্ধী কিশোরীকে নিয়ে অভিযোগ হওয়ায় বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা দরকার। আমরা চাই, ভুক্তভোগী যেন ন্যায়বিচার পান।

এ বিষয়ে করিমগঞ্জ থানার ওসি সোহেব খানের সঙ্গে শনিবার রাতে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি তার জানা নেই। পরে রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে যোগাযোগ করা হলে তিনি জানান, রাতেই অভিযুক্ত সজলকে তার বাড়ি থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা