× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুরে চারজনকে হত্যা করে বাসায় বসে খেজুর, শসা খায় খুনিরা: পুলিশ

রংপুর অফিস

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ ১৪:০৭ পিএম

আপডেট : ২৩ আগস্ট ২০২৬ ১৭:০০ পিএম

বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।  ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের চার সদস্যকে হত্যার রোমহর্ষক বর্ণনা দিয়েছে পুলিশ। মাদক সেবনে বাধা দেওয়ায় ওই চারজনকে গামছা ও রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। হত্যার পর খুনিরা অত্যন্ত ঠান্ডা মাথায় ওই বাসাতেই গোসল করেন এবং ডাইনিং টেবিলে বসে খেজুর-শসা খাওয়ার পর ইয়াবা সেবন করেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রবিবার দুপুরে এসব তথ্য জানান পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ। এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন—নগরীর মাছুয়াপাড়ার মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই।

পুলিশ জানায়, পেশায় স্বর্ণকার সিদ্ধার্থ ও মাছ বিক্রেতা মুগ্ধ নিয়মিত ইয়াবা সেবন করতেন। গত বৃহস্পতিবার ভোরে শিক্ষক গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে বসে তারা ইয়াবা সেবন করছিলেন। শব্দ পেয়ে শিক্ষক ছাদে গেলে তাদের নেশা করতে দেখে ফেলেন এবং প্রশ্ন করেন। এতে ক্ষিপ্ত হয়ে মুগ্ধ ও সিদ্ধার্থ শিক্ষকের কাধে থাকা গামছা দিয়েই তার গলা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন।

গণপতির চিৎকার শুনে তার স্ত্রী প্রীতিলতা সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় তাকেও একই গামছা দিয়ে হত্যা করা হয়। এরপর তাদের মাস্টার্স পড়ুয়া মেয়ে আগামী চক্রবর্তী এগিয়ে এলে তাকেও হত্যার চেষ্টা করা হয়। ধস্তাধস্তির একপর্যায়ে রশি দিয়ে গলা ও মুখ পেঁচিয়ে টান দিলে আগামীর চোয়াল ভেঙে যায়। প্রায় পাঁচ মিনিটের চেষ্টায় তাকে হত্যা করা হয়। সবশেষে ঘুমন্ত শিশু প্রিয়ম তাদের চিনে ফেলতে পারে—এই আশঙ্কায় তাকেও বালিশ চাপা দিয়ে ও গামছা পেঁচিয়ে হত্যা করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চারজনকে হত্যার পর খুনিরা বিচলিত না হয়ে বরং শান্ত হওয়ার চেষ্টা করেন। সিদ্ধার্থ ও মুগ্ধ নিহত শিশু প্রিয়মের বাথরুমে গোসল করেন। এরপর ডাইনিং টেবিলে বসে বয়ামে থাকা খেজুর ও ফ্রিজ থেকে শসা বের করে খান। সেখানে বসেই তারা পুনরায় ইয়াবা সেবন করেন। জুমার নামাজের সময় যখন চারপাশ জনশূন্য থাকে, সেই সুযোগে তারা বাসা থেকে বের হয়ে যান।

ঘটনাটিকে ডাকাতি হিসেবে চালিয়ে দিতে ঘরের আসবাবপত্র তছনছ করা হয় এবং আলমারি ভেঙে স্বর্ণালঙ্কার লুট করা হয়। আঙুলের ছাপ মুছতে মুঠোফোনগুলো ডিটারজেন্ট পাউডার মেশানো পানিতে ভিজিয়ে রাখেন তারা।

ঘটনাস্থলে ফেলে রাখা অর্ধেক খাওয়া শসা ও খেজুরের বীজের ডিএনএ পরীক্ষা এবং খুনিদের বিশেষ দক্ষতার সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ। খুনিদের একজন সিদ্ধার্থ স্বর্ণকার হওয়ায় তিনি লুণ্ঠিত গয়নাগুলো চুরিতে আগুনের তাপ দিয়ে পরীক্ষা করেছিলেন। এই ক্লু এবং নেশার আলামত দেখে পুলিশ নিশ্চিত হয় খুনিরা মাদকসেবী ও স্বর্ণশিল্পের সঙ্গে জড়িত। এই সূত্র ধরেই রবিবার ভোরে মুগ্ধ ও সিদ্ধার্থকে গ্রেপ্তার করা হয়।

এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে রবিবার দুপুরে জিলা স্কুল প্রাঙ্গণে মানববন্ধন ও সমাবেশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। তারা খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পরে শিক্ষার্থীরা পুলিশ কমিশনারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন।

এর আগে গত শনিবার রাতে মাছুয়াপাড়ার ওই তালাবদ্ধ বাড়ি থেকে পুলিশ চারজনের লাশ উদ্ধার করে। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা