× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিস্তির তাড়ায় অতিষ্ঠ জেলে

এনায়েতুর রহমান, পটুয়াখালী

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ ১১:২২ এএম

পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীর জেলেদের কাছে এবারের ইলিশ মৌসুম যেন স্বস্তির বদলে দুশ্চিন্তা নিয়ে এসেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীর জেলেদের কাছে এবারের ইলিশ মৌসুম যেন স্বস্তির বদলে দুশ্চিন্তা নিয়ে এসেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীর বাউফলে ইলিশের ভরা মৌসুম, জালও প্রস্তুত; নদীর পাড়ে নৌকাও বাঁধা। অথচ নদীতে কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় অনেক নৌকা নদীতে যায় না। গেলেও দিনরাত নদীতে ঘুরে যে পরিমাণ ইলিশ পাওয়া যায় তাতে নৌকার জ্বালানি, জালের খরচ, সংসারের ব্যয় মেটানো কঠিন হয়ে পড়েছে। তার ওপর এনজিওর ঋণের বোঝা। যার কিস্তি আদায়ে বসতবাড়ির উঠোনে বসে থাকেন আদায়কারী।

নৌকা ও জাল তৈরিতে মহাজনের কাছ থেকে নেওয়া দাদনের টাকা শোধের তাগাদাসহ আসছে ইলিশ ধরার নিষেধাজ্ঞা। সব মিলিয়ে উপজেলার তেঁতুলিয়া নদীর জেলেদের কাছে এবারের ইলিশ মৌসুম যেন স্বস্তির বদলে দুশ্চিন্তা নিয়ে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাউফল উপজেলায় ইলিশ-নির্ভর জেলের সংখ্যা ৫ হাজার ৫২১। নদীতে মাছ কম পাওয়ায় তাদের অনেকেরই এখন একই অবস্থা। প্রতিবছর জুন থেকে অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণের মৌসুম। এ সময় তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীতে জাল ফেলেন হাজারো জেলে। এই মৌসুমের আয় দিয়েই বছরের বড় একটি সময়ের সংসার চালাতে হয় তাদের। কিন্তু এবার মৌসুমের শুরু থেকেই প্রত্যাশা অনুযায়ী ইলিশ না পাওয়ায় জেলেদের মধ্যে হতাশা বাড়ছে। অনেক জেলে মৌসুম শুরুর আগে এনজিও থেকে ঋণ নিয়েছেন। কেউ কেউ আড়তদারের কাছ থেকে ইলিশ দেওয়ার শর্তে দাদন নিয়েছেন। সেই টাকা দিয়ে নৌকা ও জাল তৈরি করেছেন। প্রত্যাশা ছিল, মৌসুমে ভালো ইলিশ মিলবে এবং মাছ বিক্রির আয় দিয়ে ঋণ পরিশোধ করবেন। কিন্তু মাছ না পাওয়ায় সেই হিসাব এখন মিলছে না। 

জেলেদের ভয়, নিষেধাজ্ঞা শুরু হওয়ার আগে যদি পর্যাপ্ত ইলিশ ধরা না পড়ে, তাহলে তাদের অনেকেই ঋণের বোঝা মাথায় নিয়ে আরও কঠিন সময়ের মুখোমুখি হবেন। কারণ, ইলিশের মৌসুম তাদের কাছে শুধু মাছ ধরার কয়েকটি মাস নয়; এই সময়ের আয় দিয়েই চলে সারাবছরের পরিবারের খাবার, সন্তানের পড়াশোনা, নৌকা-জালের খরচ এবং পুরনো ঋণ পরিশোধের হিসাব।

তেঁতুলিয়া নদীর পাড়ের চরমিয়াজান এলাকার জেলে ইসতাক ভূঁইয়ার পরিবারে সদস্য চারজন। মাছ ধরেই চলে তাদের পড়াশোনা, খাবার ও সংসারের খরচ। ইলিশের মৌসুম শুরুর আগে স্ত্রী রোজিনা বেগম এনজিও থেকে ঋণ নিয়েছেন। নৌকা ও জাল তৈরিতে আড়তদারদের কাছ থেকেও দাদন নিতে হয়েছে। 

ইসতাক বলেন, নদীতে যে পরিমাণ ইলিশ পাওয়া যাচ্ছে, তাতে সংসারের খরচই ঠিকমতো চলে না। তার ওপর এনজিওর কিস্তি ও মহাজনের দাদন, সব মিলিয়ে কীভাবে ঋণ পরিশোধ করব বুঝতে পারছি না।

উপজেলার চরব্যারেট গ্রামের ৫৫ বছর বয়সী জেলে আখের আলী খাঁ সারা জীবনই তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীতে মাছ ধরে কাটিয়েছেন। নদীর কোন জায়গায় কখন জাল ফেললে মাছ ওঠার সম্ভাবনা বেশিÑ এসব অভিজ্ঞতার বিষয়। এবার সেই অভিজ্ঞতাও যেন কাজে আসছে না। ইলিশের মৌসুম শুরুর আগে নৌকা ও জাল কেনা এবং মেরামতের জন্য ঋণ করেছিলেন। পরিকল্পনা ছিল, চার-পাঁচ মাস মাছ ধরে সেই আয় দিয়ে ঋণ শোধ করবেন। এরপর যা থাকবে, তা দিয়ে চলবে সংসার। কিন্তু মৌসুমের প্রায় দুই মাস পেরিয়ে গেলেও নদীতে আশানুরূপ ইলিশ মিলছে না।

আখের আলী বলেন, এই এলাকা ইলিশের অভয়ারণ্য হিসেবে পরিচিত। অথচ এবার সেখানেও মাছের দেখা কম। এনজিওর ঋণের কিস্তি, পাশাপাশি মহাজনের দাদন, কীভাবে এসব টাকা শোধ করব সেটিই বড় চিন্তা।

বাউফল উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমের জুন ও জুলাইÑ এই দুই মাসে উপজেলায় ইলিশ আহরিত হয়েছে ৫১১ মেট্রিক টন। অন্যদিকে গত মৌসুমের একই দুই মাসে ইলিশ আহরিত হয়েছিল ৮৮৩ দশমিক ২ মেট্রিক টন। অর্থাৎ গত মৌসুমের তুলনায় চলতি মৌসুমের প্রথম দুই মাসে ইলিশ আহরণ কমেছে ৩৭২ দশমিক ২ মেট্রিক টন।

বাউফল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ বলেন, মৌসুমের এখনও সময় আছে। আশা করছি সামনের দিনগুলোতে নদীতে ইলিশের পরিমাণ বাড়বে এবং জেলেরা কাঙ্ক্ষিত মাছ পেয়ে ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা