প্রতীকী ছবি।
ঝিনাইদহে ডোপ টেস্টের আতঙ্কে মাদকসেবীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান ও অধিকাংশ সময় মাদকসেবীদের ডোপ টেস্ট করার খবর ছড়িয়ে পড়ার পর অনেক মাদকসেবী আগের মতো প্রকাশ্যে চলাফেরা করছে না। কেউ কেউ মাদক সেবন কমিয়ে দেওয়ার চেষ্টা করছে, আবার অনেকে পরিচিতজনের আড়ালে থাকার চেষ্টা করছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক সেবন করেন এমন ব্যক্তিদের মধ্যে ডোপ টেস্ট নিয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে চাকরি, শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে জড়িত ব্যক্তিরা ডোপ টেস্টের বিষয়টি সামনে আসায় পুলিশের নজর এড়াতে অনেকেই চলাফেরায় সতর্কতা অবলম্বন করছে।
সচেতন নাগরিকরা জানান, ডোপ টেস্টের আতঙ্ক যদি মাদকসেবীদের চিকিৎসা ও স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ তৈরির সঙ্গে যুক্ত করা যায়, তাহলে এটি মাদক নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারে।
পুলিশের তথ্যমতে, গত ১৪ জুলাই থেকে ১৯ আগস্ট পর্যন্ত ডোপ টেস্ট করে আদালতের মাধ্যমে ১৫৯ জন মাদকসেবীকে ১ থেকে ৬ মাস পর্যন্ত সাজা দেওয়া হয়েছে। মাদকসেবীদের মধ্যে ৮৭ জন ইয়াবা ও ৭২ জন গাঁজা সেবন করতো। এর মধ্যে সদর থানায় ৩০ জন, শৈলকুপা থানায় ৫৩ জন, কালীগঞ্জ থানায় ২৫ জন, কোটচাঁদপুর থানায় ১১ জন, হরিণাকুণ্ডু থানায় ১১ জন ও ডিবি পুলিশ ২৯ জনকে আটক করে ডোপ টেস্টের জন্য আদালতে সোর্পদ করে।
ঝিনাইদহ শহরের একাধিক বাসিন্দার সাথে কথা বলে জানা গেছে, আগে শহরের বিভিন্ন এলাকায় সন্ধ্যার পর প্রকাশ্যে মাদকসেবীদের আড্ডা বসতে দেখা গেলেও সম্প্রতি অনেক জায়গায় সেই দৃশ্য কিছুটা কমে এসেছে। তবে মাদক সেবন পুরোপুরি বন্ধ হয়নি, পুলিশের এই কার্যক্রম চলতে থাকলে মাদকসেবীরা আতঙ্কে থাকবে।
মাদকবিরোধী কার্যক্রমের সঙ্গে জড়িত মুহিব হাসান বলেন, “ডোপ টেস্টের ভয় মাদকসেবীদের মধ্যে একধরনের চাপ তৈরি করেছে। তবে শুধু পরীক্ষার ভয় দেখিয়ে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। একই সঙ্গে মাদকের সরবরাহ বন্ধ এবং আসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। তাহলে মাদকের ব্যবহার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।”
অভিভাবেকরা জানান, মাদকের কারণে অনেক পরিবারে আর্থিক সংকট, পারিবারিক আশান্তি ও সামাজিক সমস্যার সৃষ্টি হচ্ছে। তবে সম্প্রতি পুলিশের উদ্যোগে ডোপ টেস্ট শুরু হলে তাদের সন্তানরা আগের মত আচরণ করছে না। এমনকি সন্ধ্যার পর তারা বাড়ি থেকে বের হচ্ছে না। আগে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত বাড়ির বাইরে থাকতো। এটা স্বস্তির বিষয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, “আমার ছেলে হঠাৎ করে ইয়াবা সেবনে আসক্ত হয়ে পড়েছিল। অনেক চেষ্টা করে তাকে বিরত রাখতে পারছিলাম না। এর আগে একবার পুলিশ আটকের এক দিনের মাথায় জামিন দিয়েছিল। তবে এবার ডোপ টেস্ট করে এক মাসের কারাদণ্ড দিয়েছিল। কারাগারে থেকে ফিরে এসে এখন অনেকটা স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করছে।”
জেলা সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি আনোয়ারুজ্জামান আজাদ বলেন, “ডোপ টেস্ট মাদক ব্যবহারের বিষয়টি শনাক্ত করার একটি কার্যকর উপায় হতে পারে। জেলার অনেক মাদকসেবীরা ডোপটেস্টের খবরে এখন আতঙ্কের মধ্যে রয়েছে। তবে মাদকসেবীদের পরীক্ষার পাশাপাশি কাউন্সেলিং, চিকিৎসা ও পুনর্বাসনের সুযোগ নিশ্চিত করাটাও জরুরি। কারণ মাদকাসক্তিকে শুধু অপরাধ হিসেবে দেখলে এ সমস্যার স্থায়ী সমাধান হবে না।”
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, “মাদকবিরোধী অভিযান ও ডোপটেস্ট শুরু করার পর এ এলাকার মাদকসেবী ও কারবারিরা পালিয়ে অন্য এলাকায় চলে যাচ্ছে। এরপরও আমরা প্রতিনিয়িত অভিযান পরিচালনা করে যাচ্ছি।”
এ ব্যাপারে ঝিনাইদহের পুলিশ সুপার মিঞা মোহাম্মদ আশিষ বিন হাছান বলেন, “মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক সেবন ও কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে ন।”
তিনি আরও বলেন, “মাদকসেবীদের ডোপ টেস্টের পাশাপাশি মাদকের উৎস বন্ধ ও কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আশা করছি শিগগিরি মাদকের ভয়াবহ প্রবণতা অনেকটাই কমে আসবে।”