× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একটি চারা বদলে দিল দম্পতির ভাগ্য

মিল্লাত হাসান

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ ০৯:২৮ এএম

রংপুরের মিঠাপুকুরে নিজ বাগানে খেজুরের পরিচর্যায় ব্যস্ত উদ্যোক্তা নুর নবী মিয়া। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রংপুরের মিঠাপুকুরে নিজ বাগানে খেজুরের পরিচর্যায় ব্যস্ত উদ্যোক্তা নুর নবী মিয়া। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রংপুরের মিঠাপুকুরে সৌদি খেজুর চাষ করে সাফল্য পেয়েছেন উদ্যোক্তা নুর নবী মিয়া ও তার স্ত্রী নাজনীন নাহার নাজ। শখ করে বাড়িতে একটি চারা রোপণের মধ্য দিয়ে শুরু হলেও পরে বাণিজ্যিকভাবে খেজুর চাষে উদ্যোগী হন তারা। বর্তমানে উপজেলার লতিবপুর ইউনিয়নের কাশিনাথপুরে গড়ে ওঠা তাদের বাগানে রয়েছে আজওয়া, মরিয়ম, সুক্কারি, মেডজুল ও আম্বারার মতো দামি ও বিশ্বখ্যাত জাতের খেজুর। উন্নত জাতের চারা বিক্রি করে চলতি বছরেই প্রায় ৬৫ লাখ টাকা আয় করেছেন তারা। ফল ও চারা বিক্রি মিলিয়ে এবার কোটি টাকা লাভের আশা করছেন এই দম্পতি।

নুর নবী মিয়া জানান, প্রথমে শখ করে একটি খেজুরের চারা লাগিয়েছিলেন তিনি। পরে ফলন পাওয়ার পর মাটির গুণাগুণ ও চাষের সম্ভাবনা সম্পর্কে আগ্রহী হয়ে সৌদি আরব থেকে বিভিন্ন জাতের চারা সংগ্রহ করেন। উপজেলার লতিবপুর ইউনিয়নের গড়ের মাথায় কাজ শুরু করার পর একই ইউনিয়নের কাশিনাথপুরে বড় পরিসরে বাগান গড়ে তোলেন।

বাগানে উৎপাদিত উন্নত জাতের প্রতিটি চারা ১৫ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। চলতি বছরেই প্রায় ৬৫ লাখ টাকার চারা বিক্রি করেছেন তারা। ফল বিক্রির পাশাপাশি চারা উৎপাদন ও বিক্রি তাদের আয়ের অন্যতম উৎস হয়ে উঠেছে।

নাজনীন নাহার নাজ জানান, শুরুতে তাদের উদ্যোগ নিয়ে অনেকে নেতিবাচক মন্তব্য করতেন। এমনকি তাদের ‘পাগল’ উপাধিও দেওয়া হয়েছিল। এখন তাদের সাফল্য দেখে অনেকে অনুপ্রাণিত হচ্ছেন এবং খেজুর চাষের বিষয়ে পরামর্শ চাইছেন।

ব্যতিক্রমী এই খেজুরবাগান দেখতে দূরদূরান্ত থেকে প্রতিদিন মানুষ আসছেন। স্থানীয় বাসিন্দা আশরাফ আলী বলেন, ফেসবুকে মরুভূমির খেজুর ফলার গল্প শুনতাম। কিন্তু এখানে এসে এত সুন্দর আজওয়া-মরিয়ম খেজুর ঝুলতে দেখব, ভাবতেই পারিনি। গাছে লাল-হলুদ খেজুরের থোকা দেখে সত্যি চোখ জুড়িয়ে যায়। নুর নবী ভাইয়ের এই উদ্যোগ আমাদের পুরো এলাকার নাম উজ্জ্বল করেছে।

তবে দর্শনার্থীদের সমাগমের সঙ্গে নিরাপত্তার বিষয়টিও ভাবনার কারণ হয়ে উঠেছে। বাগানে ঝুলন্ত দামি খেজুর দেখতে আসার সুযোগে কিছু খেজুর চুরির ঘটনা ঘটছে। এ কারণে বাগান পাহারা ও নিরাপত্তায় বাড়তি নজর দিতে হচ্ছে তাদের।

উপসহকারী কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান সরকার বলেন, এখানকার মাটি ও আবহাওয়া বিদেশি খেজুর চাষের জন্য কতটা উপযোগী, তা পরীক্ষা-নিরীক্ষার কাজ চলমান রয়েছে। উপজেলা কৃষি দপ্তরের পক্ষ থেকে শুরু থেকেই নুর নবীকে সার, ওষুধসহ প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। নতুন করে যারা এ ধরনের উদ্যোগ নিতে চান, তাদেরও সার্বিক সহায়তা দেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা